রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে শাকসবজির মূল্য এখন অস্বাভাবিক মাত্রায় বেশি। কিন্তু বছরের এই সময়টায় এ রকম হওয়ার কথা নয়। শীত মৌসুমের আগাম শাকসবজি এই সময় বাজারে ওঠা শুরু করে; সারা বছর পাওয়া যায় এমন সবজির সঙ্গে এগুলো যুক্ত হয়ে বাজারের বৈচিত্র্য বাড়ে। এর সামগ্রিক প্রভাবে সবজির বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যে আসে এবং দৈনন্দিন জীবনযাত্রায় আর্থিক চাপ সামান্য হলেও হ্রাস পায়।
কিন্তু এবার সে রকম ঘটছে না। এর একটা কারণ, জুলাই-আগস্ট মাসে ব্যাপক বন্যায় ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বন্যার পানি নেমে যেতে দেরি হওয়ায় আগাম রবিশস্য আবাদের সুযোগ মেলেনি, আবার যেসব কৃষক শীতকালীন শাকসবজি লাগানোর সুযোগ পেয়েছেন, তাঁদের অনেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অক্টোবর মাসের টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে। অর্থাৎ শাকসবজির উৎপাদন পর্যায়েই এবার বেশ ঘাটতি দেখা দিয়েছে।
তাই রাজধানীর কাঁচাবাজারগুলোতে শাকসবজির খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। আবার সংবাদমাধ্যমে এমন খবরও পাওয়া যাচ্ছে যে বাজারে ঘাটতি নেই, কিন্তু দাম বেশি। খুচরা বিক্রেতারা বলছেন, তাঁরা বেশি দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কারণ তাঁরা নিজেরাই বেশি দামে কিনছেন। অথচ কয়েক দিন আগে সংবাদমাধ্যমে খবর বেরোল, পাইকারি বাজারে সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু তার প্রভাব খুচরা বাজারে পড়ছে না।
এই সমস্যাটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কারণ, প্রায়ই খবর পাওয়া যায়, সবজির বাজার চড়া হলেও সবজিচাষিরা সন্তুষ্ট হতে পারেন না, কারণ তাঁরা সবজির প্রত্যাশিত দাম পান না। এমনকি সবজি চাষের পেছনে তাঁদের যে পরিমাণ অর্থ খরচ হয়, সবজি বিক্রি করে তা-ও তাঁরা ফেরত পান না, অর্থাৎ তাঁদের লোকসান হয় বলে তাঁরা অভিযোগ করেন। এ থেকে প্রতীয়মান হয় যে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে রাজধানী পর্যন্ত কৃষিপণ্যের বিপণনব্যবস্থায় বেশ কিছু সমস্যা আছে। পাইকারি সবজি ব্যবসায়ীদের সংঘবদ্ধ সিন্ডিকেটের জবরদস্তিমূলকভাবে কৃষকদের ঠকানোর অভিযোগ পুরোনো। তারপর কৃষিপণ্য পরিবহনের পথের ঘাটে ঘাটে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক ক্ষমতাধরদের চাঁদাবাজির কারণে ভোক্তাপর্যায়ে দাম বেশি হয়ে যায়।
এই সমস্যাগুলোর সমাধান অসম্ভব নয়। এ জন্য সরকারের দৃঢ় নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। পাইকারি ব্যবসায়ী বা মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটগুলো চিরতরে ভেঙে দিতে হবে। সরবরবাহ পথের ঘাটে ঘাটে সব ধরনের চাঁদাবাজি অবশ্যই বন্ধ করতে হবে।