চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী, সময়ে সময়ে কর্মকর্তা-কর্মচারী এমনকি শিক্ষকেরাও শাটল ট্রেনে যাতায়াত করেন। তবে সম্প্রতি এই যাতায়াতব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। ট্রেনের বগিগুলো জরাজীর্ণ এবং স্থানে স্থানে লাইনও বিপজ্জনক। বছর দুই আগে একবার চড়েছিলাম। তখন ততটা খারাপ মনে হয়নি। ছাত্রাবস্থায় খুবই উপভোগ করতাম। বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম আকর্ষণই ছিল শাটল ট্রেনে যাতায়াত। কিন্তু সপ্তাহ খানেক আগে যখন শিক্ষক-বাস ধরতে না পেরে সকাল সাড়ে ১০টার শাটল ট্রেনে উঠলাম ষোলশহর স্টেশন থেকে, তখনো জানতাম না এই আধঘণ্টার ভ্রমণের প্রায় পুরো সময়টাই অস্বস্তিকর আর ভীতিকর হবে। প্রথমত, ট্রেনটির প্রায় প্রতিটি বগিরই জীর্ণদশা; কাঠের আসনগুলো ছাড়া আর কিছুই অক্ষত নেই, আর নানা বয়সের ভিক্ষুকের অবাধ বিচরণ। ট্রেন ছাড়ার পর ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত কয়েক জায়গায় ভীষণভাবে এপাশ-ওপাশ দুলছিল। মনে হচ্ছিল, এই বুঝি বগিগুলো লাইনচ্যুত হবে। তারপর ফতেয়াবাদ স্টেশন পর্যন্ত আরও কয়েক জায়গায় প্রচণ্ড দুলুনি হয়েছে। আমার বগিতে যে কয়জন ছাত্রছাত্রী ছিল, তাদের কোনো প্রতিক্রিয়া দেখিনি। তারা বোধ হয় অভ্যস্ত হয়ে গেছে। রেল কর্মকর্তারা একবার চড়লে বুঝতে পারবেন, ভয়াবহ বিপর্যয় না ঘটা পর্যন্ত বোধ হয় কারোরই বোধোদয় হবে না। শুনেছি, কয়েক বছর আগে কয়েক কোটি টাকা খরচ করে রেললাইন সংস্কার করা হয়েছিল। তবে আজ যদি হয় এই তার অবস্থা, তা হলে নানা সন্দেহ জাগে বৈকি। অথচ এই রেলপথটি সম্ভবত রেলওয়ের সবচেয়ে লাভজনক রুট। ট্রেন থেকে নেমে দুজন ছাত্রের সঙ্গে আলাপ করে এও জেনেছি, রাতে ট্রেনগুলো অরক্ষিত অবস্থায় থাকে এবং তাতে নানা অনাচার-অপকর্ম হওয়ার আশঙ্কা থাকে। যা হোক, রেল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, দুর্ঘটনা ঘটার আগে লাইনের যথাযথ সংস্কার করুন। বগিগুলোর সংস্কার করুন, সেগুলোর যথাযথ সংরক্ষণের ব্যবস্থা নিন, আরও অনেক বগি যোগ করুন, যাতে ছাত্রছাত্রীরা এবং প্রয়োজনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদে বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করতে পারেন। এই কাজটা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ছুটিকালীন করা যায়।মাইনুল হাসান চৌধুরীসহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।