শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী দুর্গা অত্যন্ত পূজনীয়। তাঁর প্রতি পরম ভক্তির প্রকাশ ঘটে যে ধর্মীয় উৎসবে, সেই শারদীয় দুর্গোৎসব আবার এসেছে বাংলার গ্রাম ও নগরে। এসেছে মহাসমারোহে; ভক্তি, ভালোবাসা, আনন্দ ও মিলনের বারতা নিয়ে। আমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।
পুরাণ বলে, দেবী দুর্গার এক রূপ অসুরবিনাশী, আরেক রূপ মমতাময়ী মাতার। তিনি অশুভর প্রতীক অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন। অন্যায়-অশুভর বিরুদ্ধে জয় হয়েছিল ন্যায় ও শুভশক্তির। দেবী দুর্গা শুধু সৌন্দর্য-মমতা-সৃজনের আধারই নন, অসহায় ও নিপীড়িতের আশ্রয়ও বটে। মানবকুলের জন্য তিনি বয়ে আনেন মঙ্গলবার্তা।
দুর্গোৎসবে আনন্দ-মিলনের উৎসবও বটে। সে আনন্দ ধর্ম সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে সমাজের সবাইকে কাছে ডেকে নেয়। দুর্গোৎসব হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অন্যতম বৃহৎ সামাজিক উৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায় এই উৎসবকে তাদের ধর্মীয় ও সামাজিক জীবনের একটি কেন্দ্রীয় উৎসব হিসেবে দেখে থাকে।
দুর্গোৎসব আদিতে ছিল বনেদি জমিদারদের উৎসব। কালক্রমে এর আকর্ষণ বর্ণনির্বিশেষে হিন্দু সমাজের সব অংশেই ছড়িয়ে গেছে। এ উৎসবে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ—সব সম্প্রদায়ের প্রতিবেশীর মধ্যে শুভেচ্ছা ও সম্প্রীতির আদান-প্রদান ঘটে। এর মাধ্যমে প্রতিভাত হয় বাঙালি সংস্কৃতির মিলনাত্মক বৈশিষ্ট্য, প্রকাশিত হয় নারী তথা মাতৃচরিত্রের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। এই গুণাবলি একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক।
দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির পরিবেশে দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের সব বয়সের দর্শনার্থীর ভিড় লক্ষ করা যাচ্ছে। দেশজুড়ে দুর্গোৎসব উদ্যাপনে স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিরাজ করছে। আমরা আশা করি, এই শান্তিপূর্ণ, সম্প্রীতিময় উৎসবমুখর পরিবেশেই দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। তবে একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষেরও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন, যাতে কোথাও শান্তিশৃঙ্খলার ব্যাঘাত না ঘটে।
শারদীয় দুর্গোৎসবে আমাদের কামনা: সমাজে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় হোক। মিথ্যা, অন্যায় ও অশুভর বিরুদ্ধে সত্য, ন্যায় ও শুভশক্তির জয় হোক।