শান্তি বজায় থাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার লাশের গন্ধ বাতাসে মিলিয়ে না যেতেই দেশে রাজনৈতিক সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়ার মতো অবস্থা লক্ষ করা যাচ্ছে। যদিও দীর্ঘদিন পরে দুই প্রধান দলের মধ্যে যৎসামান্য হলেও একটি আলাপ-আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। বিএনপির চেয়ারপারসন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করেছেন। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বিএনপিকে শুধু ধন্যবাদ জানিয়েই ক্ষান্ত হননি, ‘যেকোনো স্থানে’ আলোচনা শুরুরও ইচ্ছা ব্যক্ত করেছেন। দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে এটি একেবারেই প্রাথমিক উদ্যোগ হলেও জাতীয় রাজনীতিতে বৈরিতার অবসান ঘটাতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।এ রকম একটি প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম বা অন্য কোনো দলের তরফে পরিস্থিতি অশান্ত হতে পারে—এমন কর্মসূচি নেওয়া সমীচীন নয় বলে আমরা মনে করি। ১৩ দফা দাবি আদায়ে সংগঠনটি পূর্বঘোষিত ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচি এখনো বহাল রেখেছে। সাভারের মানবসৃষ্ট বিপর্যয়ের ঘটনায় হেফাজতের কর্মীদেরও প্রশংসনীয়ভাবে মানবতার সেবায় নিয়োজিত থাকতে দেখা গেছে।আশা করা গিয়েছিল, সারা দেশের শোকবিধুর পরিবেশ বিবেচনায় নিয়ে সংগঠনটি অবরোধের মতো কর্মসূচি থেকে সরে আসবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সে রকম কোনো উদ্যোগ হেফাজতে ইসলামের পক্ষ থেকে নেওয়া হয়নি। ফলে তাদের ৫ মের কর্মসূচি নিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। ক্ষমতা ও প্রচারপ্রিয় রাজনৈতিক দলগুলোর মতো সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় এমন কর্মসূচির প্রতি তাদের ঝুঁকে পড়া কাম্য হতে পারে না।সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল ১৩ দফা সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করলেও হেফাজতে ইসলাম তাদের দাবির পক্ষে সভা-সমাবেশ করাসহ জনমত গড়ে তোলার নাগরিক অধিকারের অনুশীলন করতে পারত। তা না করে ঢাকা অবরোধের মতো কঠোর ও জনজীবন অচল করা কর্মসূচি পরিস্থিতিকে কেবল উত্তপ্তই করবে না, সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করি যে, ইতিমধ্যে ৫ মে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় সংগঠন ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করেছে, যা শান্তিশৃঙ্খলা ও জনজীবনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে দাবি আদায়ের কৌশল হিসেবে তারা জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়, এমন কর্মকাণ্ড এড়িয়ে চলবে বলে আশা করা যায়। জবরদস্তিমূলক কর্মসূচি কখনোই দেশ ও জনগণের কল্যাণ আনতে পারে না।বাকস্বাধীনতার অধিকার অনুশীলনে কোনো বৈষম্য নেই। তবে এখানে আইনগত প্রশ্নের চেয়ে নীতি-নৈতিকতা ও ধর্মীয় নম্রতার প্রশ্নটি অনেক বড়। যাঁরা ধর্মীয় আদর্শ বাস্তবায়নের কথা বলেন, তাঁদের কাছ থেকে জবরদস্তি নয়, বরং ধর্মের উদারনৈতিক ব্যাখ্যাই প্রত্যাশিত।