হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল দিনব্যাপী সংঘর্ষে ১০ জনের মৃত্যু ও শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রতিটি মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।রাত ১০টায় এই সম্পাদকীয় লেখার মুহূর্তে ঢাকার বিভিন্ন স্থানে ব্যাপক গাড়ি ও দোকান ভাঙচুর এবং বিভিন্ন ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছিল। শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামানো হয়েছে। অন্যদিকে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ চলছিল, যদিও তাদের এই কর্মসূচি শেষ করার কথা ছিল সন্ধ্যা ছয়টায়।গণতান্ত্রিক সমাজে যেকেনো নাগরিক ও সংগঠনের সভা-সমাবেশ করার অধিকার আছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ নামের সংগঠনটি যে ১৩ দফা দাবিতে আন্দোলন করছে, সেসব দাবির সঙ্গে সরকারের দ্বিমত থাকলেও তাদের সভা-সমাবেশ করতে আইনগত বাধা নেই। এর আগে একই দাবিতে তারা গত ৬ এপ্রিল শাপলা চত্বরেই মহাসমাবেশ করেছিল। কয়েক লাখ লোকের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সেই সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় এর উদ্যোক্তারা দেশবাসীর প্রশংসা কুড়িয়েছিলেন। সে সময় সরকারও সমাবেশের অনুমতি দিয়ে এবং জনগণের জানমাল রক্ষায় যথোচিত পদক্ষেপ নিয়ে বিচক্ষণতারই পরিচয় দিয়েছিল।কিন্তু হেফাজতে ইসলামের গতকালের সমাবেশটি কেন শান্তিপূর্ণ থাকল না, এটি একটি বড় প্রশ্ন এবং তদন্ত করে এই প্রশ্নের উত্তর বের করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হেফাজতের ভেতরে জামায়াতে ইসলামী ও শিবিরের কর্মীরা ঢুকে অঘটন ঘটিয়েছেন। অন্যদিকে হেফাজতের নেতাদের দাবি, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ক্ষমতাসীন দলের কর্মীরা বিনা উসকানিতে তাঁদের সমাবেশ ও মিছিলে হামলা করেছেন। কিন্তু এ মুহূর্তে এই বিতর্কের চেয়েও জরুরি হলো, জনগণের জানমাল রক্ষা করা। এ ক্ষেত্রে সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে, তেমনি দায়িত্ব আছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদেরও। যেকোনো বড় জনসমাবেশকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিলে নানা অপতৎপরতা চালাতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবারই সজাগ থাকাজরুরি। আবার কোনো পক্ষের এমন বক্তব্য দেওয়া সমীচীন নয়, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এখন প্রয়োজন সব পক্ষের ধৈর্য ও সহিষ্ণুতা।আমরা সব সময়ই গণতন্ত্র ও শান্তির পক্ষে। আমরা মনে করি, সব রাজনৈতিক ও সামাজিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। সব পক্ষের সেই চেষ্টাই করা উচিত। যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আর কোনো প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হতে দেওয়া চলবে না। গতকালের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক।