শান্তি রক্ষার দায়িত্ব সবারই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার হরতালের সময় মানিকগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যু সংকটজনক পরিস্থিতিকে আরও তীব্র করে তুলল। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও সংযত ও দায়িত্বশীল পদক্ষেপই শান্তিপ্রিয় মানুষ চায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে কারও মৃত্যু বিক্ষোভকেই উসকে দেয়। অথচ পরিস্থিতি শান্ত রাখাই হলো সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি যে শান্তিপূর্ণ ছিল, তা স্বস্তির বিষয়। গত তিন মাসে অন্তত সাত দিন দেশব্যাপী হরতাল, বিচ্ছিন্নভাবে অন্তত ডজন খানেক আঞ্চলিক হরতাল, প্রাণহানি, অগ্নিসংযোগ, নির্বিচার ভাঙচুর ও সম্পদহানি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। যখন স্কুল ও মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে, তখন ঘন ঘন হরতাল ডাকা কতটা যৌক্তিক, সে প্রশ্ন সবার। তা ছাড়া চলছে একুশের বইমেলা। এ সময় ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি কারও কাম্য নয়। রাজনৈতিক প্রতিবাদের অনেক পথ রয়েছে। কিন্তু শান্তিপূর্ণ পথ পরিহার করে একটি মহল বারবার অযৌক্তিকভাবে হরতাল ডেকে চলেছে। এতে জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য-অর্থনীতি মারাত্মক সংকটের মুখে পড়ছে। এর অবসান দরকার।ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই হরতাল ও সহিংসতা পরিহারের যে আহ্বান জানিয়েছে, তার প্রতি গুরুত্ব দিয়ে রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোকে হরতালের বিকল্প কর্মসূচি অনুসরণ করতে হবে। দেশের জন্যই রাজনীতি। জনজীবন অচল করার রাজনীতি কখনো মঙ্গল বয়ে আনতে পারে না।যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি করে শাহবাগ প্রজন্ম চত্বরে ২০ দিন ধরে তরুণদের যে অব্যাহত অবস্থান সমাবেশ চলছে, তা একান্তভাবেই শান্তিপূর্ণ। এই দীর্ঘ দিনের একটানা আন্দোলনে কোনো সহিংস বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। দুই দিন আগে তারা আন্দোলনের সময়সূচি সীমিত করে আনার ঘোষণা দিয়েছিল। এতে বোঝা যায়, তরুণ সমাজ তাদের দাবির সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্তি ধরে রাখার কর্তব্যের প্রতি যথেষ্ট যত্নশীল। এটা নতুন প্রজন্মের শক্তির দিক।শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির শক্তি যে কত বড়, তা তরুণ প্রজন্ম দেখিয়েছে। দেশের রাজনৈতিক আন্দোলনের গতিধারা সেই পথ অনুসরণ করলে লাভবান হবে। মানুষের সমর্থন বাড়ানোর এটি অন্যতম উপায়। যারা ঘন ঘন হরতাল ডেকে শক্তি ক্ষয় করে ও সম্পদহানি ঘটায়, তাদের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের এই পদ্ধতিটি ফলপ্রসূ বিকল্প হিসেবে কাজ করতে পারে।রোববারের হরতালের পর আজ চট্টগ্রামে যে হরতাল ছিল, তা সমমনা ১২ ইসলামি দল প্রত্যাহার করে সুবিবেচনার পরিচয় দিয়েছে। অবশ্য হরতাল প্রত্যাহারের কারণটি রাজনৈতিক নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্বঘোষিত সমাবেশের স্বার্থে হরতাল প্রত্যাহারের কথা জানানো হয়েছে। তা সত্ত্বেও ঘোষিত হরতাল প্রত্যাহারের অন্য রকম তাৎপর্য রয়েছে। বাস্তব অসুবিধার কারণে হরতাল প্রত্যাহার দায়িত্বশীলতার পরিচয়। ভবিষ্যতে অযৌক্তিক হরতালের সর্বনাশা পথ পরিহারে রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। এ রকম বিবেচনাবোধ শুধু দেশের জন্য নয়, দলের জন্যও কল্যাণকর।