শান্তিময় হোক সবার জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীর্ণ-পুরোনো, অশুভ ও অসুন্দর সবকিছু পিছে ফেলে নতুনের কেতন উড়িয়ে আবার এল পয়লা বৈশাখ। নতুন বছর ১৪২২ বঙ্গাব্দের এই শুভ প্রভাতে আমরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
পৃথিবীতে প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ নেই। কৃষিকাজ ও খাজনা সংগ্রহের ব্যবস্থাকে কেন্দ্র করে এর প্রচলন, পরে যুক্ত হয় ব্যবসা-বাণিজ্যের দেনা-পাওনার হিসাব মেটানো। দিনে দিনে পয়লা বৈশাখ হয়ে ওঠে এক সর্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায়নির্বিশেষে বাংলা ভূখণ্ডের সব মানুষের প্রাণের উৎসব। এমন অসাম্প্রদায়িক উৎসব সত্যিই পৃথিবীতে বিরল।
বাঙালির আদি সাংস্কৃতিক পরিচয় বহনকারী এই অসাম্প্রদায়িক উৎসব বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ে বিশেষ প্রেরণা জুগিয়েছে। ষাটের দশকে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসব বাঙালির আত্মপরিচয়ের আন্দোলন-সংগ্রামকে বেগবান করেছিল। সেই একই সাংস্কৃতিক ঐতিহ্য প্রেরণা জুগিয়েছিল ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিসংগ্রামেও।
পয়লা বৈশাখের উৎসব শুরুর দিকে ছিল মূলত গ্রামাঞ্চলকেন্দ্রিক। দিনে দিনে এই উৎসব শহরাঞ্চলেও ছড়িয়ে পড়ে। ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সূচিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ছাড়াও মহানগরের বিভিন্ন এলাকায় ছোট-বড় নানা ধরনের অনুষ্ঠান হয়, মেলা বসে। বিভাগীয় ও জেলা শহরগুলোতেও বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ব্যবসায়ীরা খুলে বসেন হালখাতা। তরুণ-তরুণীরা বৈশাখী উৎসবের রঙিন পোশাক পরে বেরিয়ে আসে, ঐতিহ্যবাহী দেশি খাবারের উৎসব চলে। সর্বত্র দেখা যায় নতুন প্রাণের উচ্ছ্বাস।
নববর্ষ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সংকল্প। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধিশালী ও শান্তিময় দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করি আজ সবাই মিলে। আমরা আশা করি, জাতীয় রাজনীতির চলমান সংকট কেটে গিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।