অধুনা বাংলাদেশ রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে যে সংকট ঘনীভূত হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। এর জন্য আমাদের সংঘাতময় রাজনীতি অনেকাংশে দায়ী। এই সংঘাত এখন আর রাজনীতির সংকীর্ণ পরিসর কিংবা কর্মসূচির দিনক্ষণের মধ্যে সীমিত থাকছে না। এসব সহিংস কর্মসূচির অভিঘাত ছড়িয়ে পড়ছে গোটা সমাজে, যা অর্থনীতির গতিশীল চাকাকে প্রায় অচল করে দিচ্ছে, দেশ হিসেবে আমাদের অমিত সম্ভাবনার দরজা করছে সংকুচিত। দুই দশক ধরে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বহাল থাকলেও সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো যায়নি। রাজনৈতিক সংস্কৃতিতেও আসেনি গুণগত পরিবর্তন। এমনকি সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ক্ষমতাসীনেরা যেমন সংসদকে দলীয় স্বার্থে ব্যবহার করছেন, তেমনি বিরোধী দল লাগাতার বর্জনের মাধ্যমে সংসদের প্রতি অনাস্থা জানিয়ে আসছে। আমরা মনে করি, গণতন্ত্রের জন্য এ প্রবণতা খুবই বিপজ্জনক। গণতান্ত্রিক শাসনব্যবস্থার পূর্বশর্ত আলোচনা, সংলাপ ও সমঝোতা। জবরদস্তি নয়, যুক্তি দিয়েই নিজের মত প্রতিষ্ঠা এবং অন্যের মত খণ্ডন করতে হবে। আলোচনা ও যুক্তির বিকল্প হচ্ছে হিংসা ও হানাহানি, যা কোনোভাবেই গণতন্ত্রের ভাষা হতে পারে না। রাষ্ট্র, সমাজ ও রাজনীতিতে স্থিতি আনতে হলে আলোচনা ও সমঝোতার বিকল্প নেই। সরকারকে যেমন বিরোধী দলের কথা শুনতে হবে, তেমনি বিরোধী দলকেও সহিংসতার পথ ছেড়ে নিয়মতান্ত্রিক পথে আসতে হবে। সরকার যদি হেফাজতে ইসলাম নামের একটি ধর্মীয় সংগঠনের সঙ্গে আলোচনায় বসতে পারে, তাহলে বিরোধী দলের কথা শুনতে বাধা কোথায়? গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই সব ব্যাপারে একমত হবেন না। কিন্তু ভিন্নমতকে গায়ের জোরে স্তব্ধ করার নীতি কারও জন্যই মঙ্গলজনক হতে পারে না। রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে অস্থিরতা চলছে, তার প্রধান কারণ আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী ২৫ অক্টোবরের মধ্যে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। এরপর কী ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে, সরকার ও বিরোধী দলকে তা আলোচনার মাধ্যমেই ঠিক করতে হবে। তাদের বুঝতে হবে, গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা রাজপথে মীমাংসার চেষ্টা দেশের জন্য আরও বিপর্যয় ডেকে আনবে। একই সঙ্গে সমাজের সব পক্ষের ও পেশার মানুষের মধ্যেও সংলাপ হওয়া জরুরি। সংলাপ হলে পরস্পরের মধ্যে যেসব সন্দেহ ও অবিশ্বাস আছে, সেগুলো দূর হবে। রাজনৈতিক দল, অরাজনৈতিক বা ধর্মীয় সংগঠন—সবাইকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সব ধরনের কর্মসূচি পালন করতে হবে শান্তিপূর্ণ উপায়ে। নিজের মত প্রকাশ করার স্বাধীনতা সবার আছে ঠিকই; কিন্তু অন্যের ওপর সেই মত চাপিয়ে দেওয়া যাবে না। সবার শুভবুদ্ধির উদয় হোক। সংঘাত ও সংঘর্ষের পথ ছেড়ে সমঝোতার পথে আসুক। শান্তির জয় হোক।