শাপলা-শালুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের অতি গুরুত্বপূর্ণ প্রধান কয়েকটি জলজ উদ্ভিদের মধ্যে একটি হলো শাপলা-শালুক। জলের ওপরে ফুটে থাকা শাপলা ফুলের দৃষ্টিকাড়া সৌন্দর্য সত্যিই যেকোনো মানুষকে মুগ্ধ করে। শাপলা আমাদের জাতীয় ফুল। সবার প্রিয় এ ফুল শুধু চলনবিলেই নয়, যেকোনো ডোবা-নালায় জন্ম নিয়ে সবার দৃষ্টি আকৃষ্ট করে। কিন্তু আফসোস! প্রকৃতির বিরূপ প্রভাবে শাপলা ফুলের সেই সমারোহ আর নেই। দিনে দিনে শাপলা-শালুক যেন একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ আজ থেকে ১৫-২০ বছর আগেও চলনবিলের বুকজুড়ে শাপলা ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো।সে সময় শরৎকালে চলনবিলের প্রকৃতি অন্য রকম সাজে সেজে উঠত। সকালে ঘুম থেকে উঠে দেখা যেত, চারদিকে ফুটন্ত সাদা শাপলা ফুলের সমারোহ। মনে হতো এ যেন শাপলা ফুলের জগৎ।শাপলা ফুল শুধু পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে, তা নয়; এর রয়েছে অনেক পুষ্টিগুণ। তা ছাড়া এ ফুলের গাছ, গোড়া ও মাথা—সবকিছুই ফেলে দেওয়ার মতো নয়। শাপলার নরম ডাঁটা, মাথায় ও গোড়ায় জন্ম নেওয়া ঢ্যাপ এবং শালুক—সব কটিই মুখরোচক পুষ্টিসমৃদ্ধ খাদ্য উপাদান।আগের শরতের শেষে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে চলনবিলজুড়ে শালুক তোলার ধুম পড়ে যেত। শালুক-পোড়া গন্ধ এখনো প্রবীণ মানুষদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু ব্যাপক পরিবর্তনের কারণে আগের মতো সঠিক সময়ে বন্যা হচ্ছে না। বন্যার পানি যতটুকু হওয়ার প্রয়োজন, তা-ও হচ্ছে না। এ ছাড়া আবাদি জমিতে অপরিমিত কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগে অনেক শাপলা বীজ বা মাটির নিচে লুকিয়ে থাকা মা-শালুক বিনষ্ট হয়ে যাচ্ছে। ফলে নতুন করে শাপলার জন্ম হচ্ছে না।এখন শরৎকাল শেষ হলেও চলনবিলসহ দেশের কোথাও সেই আগের মতো শাপলা-শালুকের দেখা নেই। এ জলজ উদ্ভিদ আজ বিলুপ্তির পথে। এমন অবস্থা চলতে থাকলে আগামী ২০ বছরে জাতীয় ফুল নামে পরিচিত শাপলার অস্তিত্ব কতটুকু টিকে থাকবে, সেটাই ভাবার বিষয়। এ বিষয়ে পরিবেশবান্ধব সংগঠনগুলোসহ সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং তা যথাযথ বাস্তবায়ন জরুরি।সৌরভ সোহরাবআয়েশ, সিংড়া, নাটোর।