শাবাশ কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার ইউএনওকে ধন্যবাদ। ধন্যবাদ বেসরকারি সংস্থার সেই নারী কর্মীকে, যিনি বাল্যবিবাহের খবরটি আগাম ইউএনওকে জানিয়েছিলেন। ধন্যবাদ উপজেলা সহকারী ভূমি কমিশনারকে, যিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেছিলেন। কিন্তু সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার দাবিদার সেই কিশোরী, যে নিজের বাল্যবিবাহ রোধ করতে মুঠোফোনে বেসরকারি সংস্থার এক নারী কর্মীর সহায়তা চেয়েছিল। শাবাশ কিশোরী।
ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে। প্রথম আলোর খবর অনুযায়ী, দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর (১৪) মতামত উপেক্ষা করে মা–বাবা তার বিয়ের আয়োজন সম্পন্ন করেন। গত বুধবার রাত সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে এ বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রীটি বুদ্ধি করে বিষয়টি জানিয়ে আগেই ওই নারী কর্মীর সহায়তা
চাইলে তিনি তা ইউএনওকে জানান এবং তাঁর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়। মেয়ের অভিভাবকেরা ভুল স্বীকার করে তাকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। মেয়েটি বলেছে, ‘আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চাই।’
মেয়েটির এই চাওয়া পূরণের পথে সামনে যাতে কোনো বাধা না আসে সেটা নিশ্চিত করাই এখন আমাদের সবার দায়িত্ব। দেশের ঘরে ঘরে এ রকম সাহসী কিশোরী জন্ম নিলে কোনো মা–বাবা বাল্য বয়সে তাদের বিয়ে দিতে পারবেন না। অনেক সময় নিরাপত্তার কথা ভেবে মা–বাবা অল্প বয়সে মেয়ের বিয়ে দেন। এতে মেয়ের বা নিজেদের কোনো উপকার হয় না; বরং একটি মেয়েকে বাকি জীবন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জীবনযাপন করতে হয়।
প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬-এ যখন মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর করেও বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, তখন উত্তর টিয়াখালীর ওই কিশোরী নিজের ভাগ্য নিজে গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করল। এটি সরকার ও অভিভাবক উভয়ের জন্য শিক্ষণীয় হতে পারে। আমতলীর ঘটনায় এটাই প্রমাণিত হলো যে বাল্যবিবাহের মতো সামাজিক অনাচার বন্ধে সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ খুবই কার্যকর হতে পারে।