শাবাশ বাঁশখালী! শাবাশ সাংসদ মোস্তাফিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

জনপ্রতিনিধি হিসেবে একজন সাংসদ কেবল আইনপ্রণেতা নন; আইনের রক্ষকও। তিনি ব্যক্তিস্বার্থে কিছু করবেন না এবং সংবিধান অনুযায়ী তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে শপথ নিয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান সেই শপথ কেবল ভঙ্গই করেননি, প্রজাতন্ত্রের অফিসে বসে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তাকে মারধর করে ফৌজদারি অপরাধ করেছেন।
প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী মারধর করেছেন। এ ঘটনার পর সাংসদের বিরুদ্ধে নিরামিষ নির্বাচন কমিশন মামলা করার সিদ্ধান্ত নেয় এবং বাঁশখালীর সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেই দায়িত্ব শেষ করেছে। কিন্তু প্রজাতন্ত্রের যেই কর্মকর্তা একজন সাংসদের হাতে লাঞ্ছিত হলেন, সেই কর্মকর্তার পাশে এসে কেউ দাঁড়ালেন না। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তাকে মারধর করা মানে প্রজাতন্ত্রকেই অপমান করা।
পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। ইউএনও তখন দপ্তরে ছিলেন না। বাঁশখালীর ইউএনও এবং নির্বাচন কর্মকর্তার কার্যালয় একই ভবনে। জানা যায়, ইউপি নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের নিয়োগ নিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। একপর্যায়ে ইউএনওর কার্যালয়ের দরজা বন্ধ করে নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন সাংসদ। এরপর সাংসদের অনুসারীরাও তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।
কোনো সভ্য দেশে এই অসভ্যতা চলতে পারে না।
সাংসদ কেন চড়াও হলেন, তা জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ‘এমপি সাহেব বাঁশখালীতে তাঁর পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে আমাকে চাপ প্রয়োগ করে আসছিলেন। আমি তাঁকে বলি, স্যার, জনগণ ভোট দিলে আপনার প্রার্থী জিতবে। আমি কীভাবে আপনার প্রার্থীকে জেতাব? এরপর আমার ওপর চড়াও হন তিনি।’ তবে সাংসদ মোস্তাফিজুর রহমানের দাবি, ‘জাহিদুল বেছে বেছে জামায়াত-শিবির ক্যাডারদের নির্বাচনী দায়িত্ব দিয়েছে। আমি অনেক অভিযোগ পেয়ে তাকে ইউএনও সাহেবের কার্যালয়ে ডেকে পাঠাই।’ তিনি মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি করেন। কিন্তু বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগের সমর্থক এম বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে তিনি পছন্দের ব্যক্তিদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন। আমাকে হারানোর জন্য এমপি সাহেব নির্বাচন কর্মকর্তাকে মারধর করলেন।’
সাংসদ মারধরের কথা অস্বীকার করেছেন, অথচ ওই নির্বাচন কর্মকর্তার গালে, নাকের পাশে ও থুতনিতে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসাও নিতে হয়েছে। যেই নির্বাচন কর্মকর্তা সাংসদের কিংবা তাঁর লোকজনের ভয়ে চট্টগ্রামে চলে আসতে বাধ্য হয়েছেন, তিনি সাংসদের নামে অসত্য অভিযোগ করবেন এটি ভাবা যায় না। সাংসদ যদি তাঁকে না-ই মারবেন, তাহলে সেখানে কর্তব্যরত পুলিশ কনস্টেবল কেন বলবেন, ‘এমপি সাহেবের কথা শোনেন নাই কেন?’
এখানে সাংসদ মোস্তাফিজুর রহমান প্রায় অর্ধডজন অপরাধ করেছেন। প্রথমত, তিনি নির্বাচন কর্মকর্তা করার জন্য কোনো তালিকা নির্বাচন কর্মকর্তার অফিসে পাঠাতে পারেন না। কিন্তু তিনি তালিকা পাঠিয়েছেন।
দ্বিতীয়ত, তিনি নির্বাচনের বিষয়ে কথা বলতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কোনো সরকারি অফিসে ডেকে পাঠাতে পারেন না। তাও যেই কর্মকর্তার অফিস, তাঁর অনুপস্থিতিতে। এটি অফিস দখলের নামান্তর।
তৃতীয়ত, কে নির্বাচনী দায়িত্ব পালন করবেন, কে করবেন না, সেটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। জাহিদুল ইসলাম নির্বাচন কমিশনের হয়েই এই তালিকা তৈরি করেছেন। সেখানে ওই কর্মকর্তাকে চ্যালেঞ্জ করা মানে নির্বাচন কমিশনকেই চ্যালেঞ্জ করা, যা সাংসদ করতে পারেন না। হ্যাঁ, তিনি যে কাজটি করতে পারতেন, তা হলো ওই তালিকার কারও ব্যাপারে আপত্তি থাকলে তথ্য-প্রমাণসহ আপত্তি জানাতে। সেটি হতো আইনানুগ পদক্ষেপ। কিন্তু সাংসদ তো আইনের তোয়াক্কা করেন না।
চতুর্থত, সাংসদ সবচেয়ে ঘৃণ্য ও গর্হিত যে কাজটি করেছেন, সেটি হলো প্রজাতন্ত্রের একজন কর্মকর্তাকে মারধর করা। এটি ফৌজদারি অপরাধ। জনগণ তাঁকে আইন প্রণয়নের ক্ষমতা দিলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা দেননি। এটি নির্বাচনী কাজে সুস্পষ্ট বাধা দান। নির্বাচন কমিশন নির্বাচনী কাজে বাধা সৃষ্টিকারী যে-কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে। কিন্তু আমাদের ন্যুব্জ ও নতজানু নির্বাচন কমিশন সেই কাজটি করতে পারবে বলে বিশ্বাস হয় না। সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ এই চ্যালেঞ্জটি নেবেন কি?
সাংসদ মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম নাকি বিএনপি-জামায়াতের সব লোককে নির্বাচনী দায়িত্ব দিয়েছেন। এর পক্ষে তিনি কোনো প্রমাণ দাখিল করেছেন কি? নির্বাচনের দায়িত্ব পালন করেন সাধারণত স্থানীয় সরকারি কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষকেরা। বাঁশখালীর সব সরকারি কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষক জামায়াত-বিএনপির লোক হয়ে গেলেন? এটি কি বিশ্বাসযোগ্য? বাঁশখালীর আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ার উদ্দিন চৌধুরী কী বলেন? তিনি বলেছেন যে তাঁকে হারানোর জন্যই সাংসদ মোস্তাফিজুর রহমান পছন্দের লোকদের মনোনয়ন দিয়েছেন। কিন্তু সেই পছন্দের লোকদের পক্ষে যখন নির্বাচন কর্মকর্তা অন্যায় করতে রাজি হননি, তখনই তাঁকে মারধর করেছেন।
এখন হয়তো সংসদ মোস্তাফিজুর রহমান ওই আওয়ামী লীগ নেতাকেও জামায়াত-বিএনপির লোক বানাবেন। আগে সারা বাংলাদেশে নির্বাচনী যুদ্ধটা ছিল আওয়ামী লীগ বনাম বিএনপি-জামায়াত। এখন আওয়ামী লীগ নিজেরাই ‘বিএনপি-জামায়াত’ হয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যে আমার পক্ষে নয়, সে-ই শত্রুপক্ষ। এটি অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ওয়ার অন টেরর তত্ত্বের মতো। এখন মনোনীত আওয়ামী লীগাররা বিদ্রোহীদের কিংবা বিদ্রোহী আওয়ামী লীগাররা মনোনীতদের রাজাকার ও স্বাধীনতাবিরোধী বলে গালমন্দ করছেন। একে অপরকে স্বাধীনতাবিরোধী বলে গাল দিচ্ছে। আর বিএনপি-জামায়াত মিটি মিটি হাসছেন।
১০ম সংসদের সাংসদেরা যেভাবে একের পর এক আইন হাতে তুলে নিচ্ছেন, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে স্কুলশিক্ষককে মারধর বা অপমান করছেন, তাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়ে সাংসদের শাসনই প্রতিষ্ঠিত হবে।
শাবাশ বাঁশখালী! শাবাশ সাংসদ মোস্তাফিজুর রহমান! নির্বাচনী ব্যবস্থা গোল্লায় যাক, আইনের শাসন ভেঙে পড়ুক। তাতে কী! আপনার আইনপ্রণেতার তকমা এবং বেআইনি ক্ষমতার দৌরাত্ম্য থাকলেই হলো।