টেস্ট ও ওয়ানডে—দুটোতেই জিম্বাবুয়েকে ধবলধোলাই করল বাংলাদেশ! এ খবর শুধু আনন্দেরই নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্ব করে বলার মতো একটি অর্জনও। এই সিরিজের আগে বছরজুড়ে যেভাবে ধুঁকছিল বাংলাদেশের ক্রিকেট, তাতে শঙ্কা হচ্ছিল, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না। দলের খেলা দেখে মনে হচ্ছিল, এ দলে অনুপ্রেরণার অভাব আছে, অভাব আছে ইতিবাচক দৃষ্টিভঙ্গির। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ের জন্য কোনো আশাই রাখেনি।
ওয়ানডেতেও ধবলধোলাই জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের এই টেস্ট ও ওয়ানডে সিরিজে অনেকগুলো রেকর্ড হয়েছে। প্রতিদিনের খেলার পাতায় বিশদভাবে তা ছাপাও হয়েছে। সেগুলো উল্লেখ না করলেও বাংলাদেশের ক্রিকেটের বিশেষ কয়েকটি দিকের বিষয় বিবেচনায় নেওয়া যায়। টেস্ট ও ওয়ানডেতে দুজন অধিনায়ক, তামিম ও মাহমুদউল্লাহর রানে ফিরে আসা, মুমিনুলের ধারাবাহিকতা, ব্যাটিং-বোলিংয়ে সাকিবের অসাধারণ সাফল্য, দুই অধিনায়ক মুশফিক-মাশরাফির সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া, তাইজুলের বোলিং ক্রিকেটামোদীদের মন ভরিয়েছে। সবচেয়ে বেশি যেটা নজরে পড়েছে, সেটা হলো টিমওয়ার্ক। দল হিসেবেই নিজেদের পরিচিত করে তুলতে পেরেছে বাংলাদেশ। বিভিন্ন খেলোয়াড়ের একক কৃতিত্বে ভাস্বর ছিল সিরিজ দুটি, কিন্তু তা ছাপিয়ে গোটা দলের মধ্যে বোঝাপড়া এবং ভালো করার তাগিদই বাংলাদেশ ক্রিকেট দলকে দুটি ধবলধোলাইয়ের সুযোগ করে দিয়েছে—এটা নির্দ্বিধায় বলা যায়।
এ মুহূর্তে দারুণভাবে উজ্জীবিত বাংলাদেশ দল। দল ভালো করতে থাকলে তা দেহভাষাতেই প্রকাশ পায়। জিম্বাবুয়ের সঙ্গে খেলায় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সেটাই দেখা গেছে। কিন্তু ভুলে গেলে চলবে না, শক্তি ও সামর্থ্যের দিক থেকে জিম্বাবুয়ে এখন অনেক পিছিয়ে পড়া একটি দল। তাই জিম্বাবুয়েকে ধবলধোলাই করার মাধ্যমে ক্রিকেট বিশ্বের শক্তিশালী দলগুলোর সঙ্গে সমানে সমান হয়ে লড়াই করার অনুপ্রেরণা যেন পায় টিম বাংলাদেশ—সেটাই আমাদের চাওয়া। আমরা আশা করব, জিম্বাবুয়ে সিরিজে পাওয়া আত্মবিশ্বাস আসন্ন বিশ্বকাপে ভালোভাবে কাজে লাগাবে বাংলাদেশ দল।