শাবাশ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাক্রম কী এবং কেমন তার তেজস্ক্রিয়তা, অবাক তাকিয়ে ক্রিকেট বিশ্ব তা দেখল। ক্রিকেট পরাশক্তিদের মধ্যে নিউজিল্যান্ড, পাকিস্তানের পর ভারতও এখন অবলীলায় বধ্যযোগ্য। এখন এই পরাক্রমের তাপ ভারতীয় ক্রিকেট সাম্রাজ্যের আর গরিমা সবই জাগ্রত বাংলাদেশের।
এই গরিমা পদ্মার এপারকে মাতিয়ে ওপারেও ঢেউ তুলেছে। খেলা রাজনীতি নয় বলেই বাংলাদেশি ক্রিকেটের শক্তি ও সৌন্দর্য পশ্চিমবঙ্গকেও নাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যমসহ ভারতীয় গণমাধ্যমে তারই অকাতর স্বীকৃতি। একদা যেমন সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকার-বন্দনায় গৌরব ছিল, সাকিব ও মুস্তাফিজের বন্দনায় এখন তেমনই সর্বজনীন আনন্দ। অভিবাদন অপরাজেয় এগারোর বাংলাদেশকে।
বাংলাওয়াশের হাতছানিপাকিস্তানকে সর্বতোভাবে গুঁড়িয়ে দিয়ে যে বাংলাদেশ ভারতের মোকাবিলা করেছে মিরপুরের মাঠে, সেই বাংলাদেশ আরও উজ্জীবিত আরও আত্মবিশ্বাসী। ক্রিকেটের সেরাদের তালিকায় থাকা দুই নম্বর দল ক্রিকেটীয় রাগরাগিণীর সপ্তমের সুরের সামনে যেভাবে বিহ্বল হয়ে পড়ল, তা অবিস্মরণীয়। বিজিতই এখানে বিজয়ীর অলংকার ও অহংকারের মানদণ্ড। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের বিতর্কিত পরাজয়ের এর থেকে অম্লমধুর প্রতিশোধ আর কী হতে পারে! এই উচ্চতায় পেঁৗছানোর পেছনে কত ত্যাগ ও অধ্যবসায় ছিল, সেসব আজ স্মরণ করা দরকার।
প্রথম এক দিনের খেলায় ভারতকে ৭৯ রানে পরাজিত করার পর বাংলাদেশ দল নিয়ে কারোরই আর উন্নাসিকতার সুযোগ ছিল না। তারপরও রোববার অপরাহ্ণ থেকে মধ্যরাত পর্যন্ত ভারত–বধের দুর্বার নাটক কাকে না মজিয়েছে? অভিবাদন তরুণতর মুস্তাফিজের দুনিয়া কাঁপানো বোলিং নৈপুণ্যকে। অভিবাদন বাংলাদেশ দলের কোচদের। এই বিজয় সংহত করায় এখন চাই ধৈর্য, বিনয় আর নিরলস সাধনা।
এগারো বাঙালি মিলে যদি এই জাদু দেখাতে পারে, ষোলো কোটি উজ্জীবিত বাঙালি কত-কী দিতে পারে দেশকে, সে কথাও ভাবা দরকার। মেধাবীরা সুযোগ পেলে কী করতে পারে, জাতির সামনে এটা তার মহত্তম প্রদর্শনী। এই শক্তিমান মৌসুমি বায়ু জাতীয় জীবনের সব খাতকেই সজীব করে তুলুক, এটাই প্রত্যাশা।