উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে আছেন। পত্রিকার খবরে দেখলাম, শীতের রাতে খোলা আকাশের নিচে কাটিয়েছেন তাঁরা। অনশনের কারণে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কয়েক শ শিক্ষার্থী লাগাতার বিক্ষোভ করে আসছেন। শিক্ষার্থীদের দাবি, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন ও অনশন চলবে।
প্রশাসনের অবিমৃশ্যকারিতার কারণে একটি ছোট সমস্যা যে কী গুরুতর রূপ নিতে পারে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ই তার প্রমাণ। ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ তিন দফা দাবিতে সেই হলের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সভা-সমাবেশ করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁরা আলোচনাও করেন। এরই মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের সমাবেশে হামলা চালান। ফলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দেন। পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ তলব করে এবং তারা শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে বহু শিক্ষার্থী আহত হন। কর্তৃপক্ষ ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। শিক্ষার্থীরা সেই নির্দেশ উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। শাহজালালের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
উপাচার্যের দাবি, তিনি গত রোববার পুলিশি অ্যাকশনের নির্দেশ দেননি; ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ক্যাম্পাসে কারা তলব করেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তলব করে থাকে, সেই দায় তাদেরই নিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা এর আগে ঘটেনি।বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে উপাচার্যের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া। কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেটি না করে নিজের নিরাপত্তার জন্য পুলিশ ডেকে এনেছেন। এটাই শেষ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হলে খাবার বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে তাদের আশপাশের হোটেল–রেস্তোরাঁয় খেতে হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটা অমানবিক হয় কীভাবে?
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের কথিত কটূক্তির প্রতিবাদে। কিন্তু দুই বছর আগে দেওয়া উপাচার্যের যে বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, তার চেয়ে অশোভন ও অমার্জিত মন্তব্য কিছু হতে পারে না। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ করার আগে তাঁদের উচিত ছিল উপাচার্যের মন্তব্যের প্রতিবাদ করা।
যে উপাচার্য শিক্ষার্থীদের আমরণ অনশনের দিকে ঠেলে দেন, শীতের রাতে রাস্তায় থাকতে বাধ্য করেন, তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তিনি বলেছেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটা মেনে নেবেন। সরকার তাঁকে পত্রপাঠ বিদায় না করা পর্যন্ত পদ আঁকড়ে থাকার এই মানসিকতা নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তাঁকে উপাচার্য হিসেবে চান না, তখন তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করে সেখানে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।