শারমিনের সাহসিকতার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে শারমিনের পুরস্কারপ্রাপ্তির অন্য একটা দিক হলো এই: বাংলাদেশ এমন একটা দেশ, যেখানে বিদ্যালয়গামী নাবালিকাদের মা-বাবা জোর করে বিয়ে দিয়ে দেন। আপন সন্তানদের অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়ে তাদের স্বাস্থ্যসহ সার্বিক জীবনের ক্ষতি করা হয়। রাষ্ট্র বা সরকার মা-বাবার জবরদস্তিকে নমনীয় দৃষ্টিতে দেখে। নবম শ্রেণিতে পড়ার সময় শারমিন আক্তারকে তার মা বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু শারমিন মায়ের কথামতো বিয়ের পিঁড়িতে বসেনি।

তার মা যখন জোর করে বিয়ে দিতে চেয়েছেন, তখন সে এক বান্ধবীর সহযোগিতায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে মা এবং বিয়ে করতে ইচ্ছুক লোকটার বিরুদ্ধে মামলা করেছিল। তারপর সে দাদির কাছে থেকে পড়াশোনা চালিয়ে গেছে। তার এই বুদ্ধিমত্তা ও সাহসিকতা অবশ্যই প্রশংসনীয়; যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পুরস্কার লাভের মধ্য দিয়ে সেই প্রশংসা ও সম্মান সে পেল। তাকে অনুসরণ করে আরও অনেকেই এমন সাহসিকতার পথে হাঁটার চেষ্টা করতে পারে; এমন সাহসিকতার প্রয়োজন আছে।

কিন্তু মনে রাখা দরকার, শারমিন আক্তার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। এ দেশের সব কিশোরীর পক্ষে তার মতো করে নিজের বাল্যবিবাহ ঠেকানো সম্ভব নয়। সে জন্য রাষ্ট্র, সরকার, সমাজ ও পারিবারিক পর্যায়ে বাল্যবিবাহবিরোধী অঙ্গীকার আরও শক্তিশালী করতে হবে। সরকার সম্প্রতি বাল্যবিবাহ নিরোধের যে আইন করেছে, তাতে বিশেষ বিবেচনায় ১৮ বছর বয়সের নিচেও বিয়ের বিধান রাখা হয়েছে। সারা দেশে এর প্রতিবাদ হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার কমিটিও এই বিধান বিলোপ করার আহ্বান জানিয়েছে।

শারমিনের আন্তর্জাতিক পুরস্কার লাভ ওই বিধান বিলোপের পক্ষে জোরালো আন্তর্জাতিক সমর্থনের প্রতিফলন। সরকারের উচিত বিধানটি বিলোপ করা।