শাল্লায় পিআইসি নিয়ে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

হাওর অঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ঠিকাদারদের ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তাঁদের সরিয়ে দিয়ে স্থানীয় সুবিধাভোগী ও কৃষকদের দিয়ে সেই কাজ করা হয় এখন। স্থানীয় প্রশাসন থেকে এলাকায় এলাকায় প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে দেওয়া হয়। ২০১৭ সাল থেকে পিআইসি ছাড়া হাওরে বাঁধ নির্মাণের সুযোগ বলতে গেলে বন্ধ হয়ে গেছে। ফলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা এবং ঠিকাদারদের একটি অসাধু চক্র এখন আর অনিয়ম করার সুযোগ পায় না। কিন্তু পিআইসি গঠন নিয়ে প্রতিবারই নানা ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি। এবার সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গোপনে পিআইসি গঠন করা হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানাচ্ছেন। বিষয়টি তেমন হয়ে থাকলে টেকসই বাঁধ নির্মাণ নিয়ে আশঙ্কা তৈরি হবে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, হাওরে বাঁধ নির্মাণসংক্রান্ত উপজেলা কমিটিতে সদস্য থাকেন চেয়ারম্যানরা। অথচ তাঁরাই পিআইসি গঠনের বিষয়টি জানেন না। এ নিয়ে শাল্লায় চারটি ইউনিয়নের চেয়ারম্যানরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। সুনামগঞ্জে এবার হাওরে বাঁধ নির্মাণের জন্য এখন পর্যন্ত ৭০১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে শাল্লা উপজেলায় পড়েছে ১৩৮টি। এ জন্য প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৪০ লাখ টাকা। ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে গোপনে সেসব কমিটি গঠন করা হয়েছে বলে তাঁদের অভিযোগে উঠে এসেছে।

হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বলেন, ‘আমরা কোনো কিছুই জানি না। এবার গোপনে কমিটি হয়েছে। এতে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। বাঁধের কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, এ জন্য আমরা বিষয়টির তদন্ত ও কমিটিগুলো বাতিলের দাবি জানিয়েছি।’ যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাবি, পিআইসি গঠনে কোনো অনিয়ম হয়নি। তিনি হাওরে হাওরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলে কমিটি করেছেন। চেয়ারম্যানদের আবদার না রাখায় তাঁরা এ অভিযোগ করছেন।

পছন্দের ব্যক্তিদের দিয়ে পিআইসি গঠন ও এর মাধ্যমে বরাদ্দ নয়ছয়ের প্রচেষ্টার অভিযোগ নতুন নয়। এ জন্য গণশুনানির মাধ্যমে পিআইসি গঠনের দাবি করে থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অল্প কিছু ক্ষেত্রে সেটি করা হলেও অধিকাংশের ক্ষেত্রে উপজেলা কমিটিই সিদ্ধান্ত নিয়ে থাকে। ফলে এতে অনিয়মের সুযোগ থেকে যায়। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, চেয়ারম্যানদের অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাঁর কথায় আস্থা রাখতে চাই। পিআইসি নিয়ে আমরা কোনো অনিয়ম চাই না।