শিক্ষার্থীদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই শিক্ষার্থীদের দাবিদাওয়ার বিষয়টি আমলে নিয়ে প্রতিকারের উদ্যোগ নিলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে যেত না বলেই আমরা মনে করি।
সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ১৩ জানুয়ারি আন্দোলন শুরু করেছিলেন। তাঁদের প্রাথমিক কর্মসূচি বিক্ষোভ-সমাবেশের মধ্যে সীমিত ছিল। এরপর ছাত্রলীগ ছাত্রীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালালে আন্দোলন ক্লাস-পরীক্ষা বর্জনে রূপ নেয়। কিন্তু সেটিও সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীদের মধ্যে সীমিত ছিল। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের কারণেই অচলাবস্থা প্রলম্বিত হয়েছে।
শিক্ষার্থীদের অবরোধ ভাঙতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ক্যাম্পাসে পুলিশ ডেকে আনে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ সেখানে শিক্ষার্থীদের অবরোধ ভাঙতে কেবল তাঁদের ওপর নির্বিচার লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়েনি, নজিরবিহীনভাবে সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এরপর শিক্ষার্থীদের তিন দফার আন্দোলন এক দফা অর্থাৎ উপাচার্যের পদত্যাগে রূপ নেয়। তখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ ছিল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা। কিন্তু তারা সেদিকে না গিয়ে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের ১২ ঘণ্টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেয়।
শিক্ষার্থীরা এ নির্দেশ মানেননি। তাঁরা হলে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। পরে তাঁদের সঙ্গে আরও কিছু শিক্ষার্থী যোগ দেন। সপ্তাহব্যাপী অনশন চলার পর অনশনরত শিক্ষার্থীদের বেশির ভাগ অসুস্থ হয়ে পড়লেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেনি। সবকিছু শিক্ষার্থীদের করতে হয়েছে নিজ উদ্যোগে। শিক্ষার্থীরা যখন আমরণ অনশনে, তখন শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে না গিয়ে আলোচনার জন্য ঢাকায় আসার আহ্বান জানান, যা ছিল অত্যন্ত অসংবেদনশীল প্রস্তাব। একপর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙাতে সক্ষম হন। সরকারের অনুরোধে তিনি এই দায়িত্ব পালন করেন। এতে প্রমাণিত হলো, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের আস্থা আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নেই।
শিক্ষার্থীরা গত শুক্রবারও সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, অনশন ভঙ্গ করলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন। সরকারের তরফেও জাফর ইকবালকে বলা হয়েছে যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে এবং সেই আশ্বাসের ভিত্তিতে তিনি শিক্ষার্থীদের অনুরোধ করে অনশন ভাঙিয়েছেন। পুলিশের হামলা ও অনশনের কারণে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে সরকার। কয়েকজনকে ঢাকায় এনেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে সরকারি ঘোষণায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকা সত্ত্বেও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু আছে। কিন্তু শাহজালালে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শক্তিপ্রয়োগের পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এত দিন পুলিশি হামলার বিষয়ে নীরব থাকলেও এখন মুখ খুলতে শুরু করেছেন। তাঁরাও হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে দ্রুত যাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার অবসান ঘটে, সে বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে, শিক্ষার্থীরা কোনো পদাধিকারীর প্রতি অনাস্থা প্রকাশ করলে গায়ের জোরে তাঁর পদ আঁকড়ে থাকা কোনোভাবেই সমীচীন নয়।