শাহবাগ জেগেই থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁপা কাঁপা হাতে লেখা এক চিঠি এসেছে প্রথম আলোর সম্পাদক বরারব। ‘আমার বয়স ৮০ বৎসর। আমার আন্তরিক ইচ্ছা সত্ত্বেও আমি শাহবাগে সকলের সঙ্গে যেয়ে রাজাকারদের ফাঁসির দাবিতে একাত্ম হতে পারলাম না। আমি গতকাল (চিঠির নিচে লেখা তারিখ, ৯/২/১৩) হাসপাতাল থেকে এসেছি। কিন্তু হাঁটতে পারি না। মাননীয় সম্পাদক সাহেব, আপনি আমার হয়ে ছেলে মেয়েদেরকে আমার অপারগতার কথা যদি জানান তবে আমি ধন্য হব।... আমার হাত কাঁপা বিধায় লেখা পড়তে পারবেন কি না জানি না।’ বনানী থেকে এই চিঠি লিখেছেন নুরুন নাহার হাসনাত। ৫ ফেব্রুয়ারি দুপুরে চরম হতাশ আর ক্ষুব্ধ হয়ে যাঁরা বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হওয়াকে নিজেদের দায়িত্ব বলে মনে করেছিলেন, তা আজ যেন সবার দায়িত্বে পরিণত হয়েছে। তা না হলে ৮০ বছর বয়সী এই অসুস্থ মা কেন শাহবাগে জড়ো হওয়া ছেলেমেয়েদের কাছে এখানে আসতে না পারার ‘অপারগতা’ জানাতে প্রথম আলোর সম্পাদকের দ্বারস্থ হবেন! শাহবাগ এখন এক বাতিঘর।শাহবাগে তরুণদের জ্বালানো আগুন পুরো দেশেই আলো ছড়াচ্ছে, আলো দেখাচ্ছে। শাহবাগ কী বলতে চায়, তা জেনে গেছে বাংলাদেশ। ৫ থেকে ১১ ফেব্রুয়ারি, এখনো শাহবাগে দিন-রাত কোনো ফারাক নেই, ক্লান্তির কোনো লেশ নেই। স্লোগানে, ব্যানারে, গানে, স্থাপনা তৈরিতে সৃজনশীলতারও কমতি নেই। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন কিছু। রাজনৈতিক সভা-সমাবেশে থাকে দলের লোকজন, এটা সেই হিসাব-নিকাশের ওপরে। রাজনীতিবিদেরা এসেছেন, আসছেনও, না এসে যে উপায় নেই। নেতাদের নেতার বাইরে রাখার সাহস দেখিয়েছে শাহবাগ। রাজনীতিবিদেরা জনতাকে রাজপথে নামান, নেতারা জনগণকে পথ দেখান—এই ধারণা যে উল্টে যায় ইতিহাসের কোনো কোনো সময়ে। এখন তেমনি এক উল্টে যাওয়া সময়। দুনিয়াজুড়েই এখন এই উল্টো হাওয়া বইছে। জনগণই এখন পথ দেখাচ্ছে নেতাদের।যুদ্ধাপরাধের বিচার করবে—এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। এটা ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত রাজনৈতিক অঙ্গীকার। বিচার-প্রক্রিয়াকে তারা এগিয়েও নিয়ে যাচ্ছে। এর পরও বলি, আমাদের দেশে কবে কোনো প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দিয়ে রাজপথের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন! ‘তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় জেগেছে। সংসদের পক্ষ থেকে তাদের অভিনন্দন। প্রাণভরে তাদের দোয়া করি, তাদের শুভাশিস জানাই।... তারুণ্যের জোয়ার দেখে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। তরুণেরা দেশ গড়বে, সঠিক নেতৃত্ব এ দেশে আসবেই। যুদ্ধাপরাধীদের বিচার হবেই’ (রোববার সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। শাহবাগই এই অনন্য ঘটনা ঘটিয়েছে। কাদের মোল্লার বিচারের রায় যাঁদের মধ্যে নানা সন্দেহ ও সংশয়ের জন্ম দিয়েছিল, তাঁদের উদ্দেশে বলি, শাহবাগের গণজাগরণ সামনে এমন আশঙ্কাকে দূর করবে। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে মাত্র, দুটি রায় হয়েছে, আরও অনেক চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার-প্রক্রিয়া চলছে। সরকারের মধ্যে যদি এ নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা রাজনৈতিক বিবেচনা কাজ করেও থাকে, শাহবাগ সরকারকে সে দ্বিধা-দ্বন্দ্ব থেকে মুক্তি দিয়েছে। জনগণ কী চায়, সেটা জানলে তো সরকারের পথচলা সহজ হওয়ারই কথা। শাহবাগ জনগণের চাওয়াটি পরিষ্কার করে সরকারকে পথ দেখিয়েছে।সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের পরদিনই (রোববার) আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এই খসড়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি রাষ্ট্রপক্ষ ও সংক্ষুব্ধ কারও আপিল করার সুযোগ রাখা হয়েছে। সংসদের চলতি অধিবেশনেই যে এই খসড়াটি বিল আকারে উত্থাপন ও পাস হবে, সেটা অনেকটাই নিশ্চিত। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি যেহেতু জনগণের চাওয়া, তাই কাদের মোল্লার রায় তাদের হতাশ করেছে। সেই হতাশার ক্ষোভ আজকের শাহবাগের জন্ম দিয়েছে। তারা চায় এই রায় বিচার-বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। শাহবাগ থেকে সরকারের কাছে দাবি তোলা হয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিল করার। আইনটি যেভাবে ছিল তাতে আপিল করে খুব সুবিধা পাওয়া যেত না। সরকার তাই আইন পরিবর্তনের পথে গেছে, শাহবাগের দাবির পথে গেছে।শাহবাগ বিজয়ের দিকে একধাপ এগিয়েছে। কিন্তু ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগের বাতিঘরে আলো জ্বালিয়ে যাঁরা অপেক্ষা করছেন, তাঁদের কি আদৌ বাড়ি ফেরার সময় হয়েছে? সরকার যেহেতু উদ্যোগ নেওয়া শুরু করেছে, বাড়ি ফেরারও পথ তৈরি হবে। তবে এই বাড়ি ফেরা মানে যে দরজা বন্ধ করে খিল এঁটে বসে থাকা হবে না, সেটা আশা করি আমাদের সবার কাছে পরিষ্কার হয়েছে। এই তরুণদের ঘরের দরজা খোলাই থাকবে। ঘর আর রাজপথের দূরত্ব যখন কমে এসেছে, তখন শাহবাগ সব সময় জেগেই থাকবে।এ কে এম জাকারিয়া: সাংবাদিক। [email protected]