শাহবাগ থেকে শাপলা চত্বর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা কাদের মোল্লাকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তখন ফুঁসে উঠল সারা বাংলাদেশ। ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের মানববন্ধন উপলক্ষমাত্র। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পর্কে মানুষ মনে মনে যে ঘৃণা পুষে রেখেছিল এবং ওই অপরাধের জন্য যে তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে, তারই স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছিল শাহবাগ চত্বরে। শাহবাগে কত মানুষ এসেছিলেন, তা সংখ্যা দিয়ে পরিমাপ করা যাবে না। কেননা শাহবাগ ছিল একই সঙ্গে স্থির এবং ভ্রাম্যমাণ। স্থির এই অর্থে যে শাহবাগ চত্বরে যাঁরা স্লোগান দিচ্ছিলেন, গানে-কবিতায়-আলপনায় ও চলচ্চিত্রে যাঁরা বাংলাদেশকে মূর্ত করে তুলছিলেন, তাঁরা ছিলেন স্থির ও নির্ঘুম। কিন্তু ঢাকার অলিগলি থেকে, টাঙ্গাইল থেকে, নাটোর থেকে, রাজশাহী, খুলনা, বরিশাল থেকে যে হাজার হাজার মানুষ শাহবাগের সঙ্গে একাত্ম হতে এসেছিলেন, তাঁরা ছিলেন ভ্রাম্যমাণ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই জড়ো হয়েছিলেন শাহবাগ চত্বরে। শাহবাগ ধারণ করেছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, শাহবাগ হয়ে উঠেছিল বাংলাদেশের প্রতিচ্ছবি। দুইশাহবাগে যে ‘গণজাগরণ’-এর সূচনা, তাকে স্তিমিত করতে তার বিপরীতে দুই মাস এক দিন পরে শাপলা চত্বর দাঁড়িয়ে গেল। ওলামা-মাশায়েখ ও কওমি মাদ্রাসার কয়েক লাখ ছাত্র ৬ এপ্রিল জড়ো হয়েছিলেন কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে। শাপলা চত্বরের পেছনে ছিল শক্তিশালী রাজনৈতিক সমর্থন ও পৃষ্ঠপোষকতা। তারা সরকারকে অনেক গালমন্দ দিয়েছে, তাদের ১৩ দফা দাবি উপস্থাপন করে বলেছে যে ‘ক্ষমতায় থাকতে হলে বা যেতে হলে ওই ১৩ দফা মানতে হবে।’তিনশাহবাগকে কেন্দ্র করে যে গণজাগরণ, তার ঠিক দুই মাসের মাথায় শাপলা চত্বরে যে জমায়েত, তাকে কী বলব? ক্রিয়ার বিপরীতে যেমন প্রতিক্রিয়া থাকে, তেমন কিছু। অনেকের আলোচনায়, বুদ্ধিজীবী ও লেখকদের লেখায় শাহবাগের গণজাগরণ ও শাপলা চত্বরের সমাবেশের মধ্যে তুলনা করার প্রবণতা লক্ষ করেছি। কিন্তু এ তুলনা কী হয়? শাহবাগের গণজাগরণের উৎস হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এতটাই সাযুজ্যপূর্ণ যে তরুণদের ওই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে এসেছিলেন সর্বস্তরের মানুষ। দুই বছরের শিশু এসেছিল বাবার কাঁধে চড়ে, অশীতিপর বৃদ্ধা এসেছিলেন নাতির হাত ধরে, আশাহত মুক্তিযোদ্ধারা এসেছিলেন তাঁদের অসমাপ্ত দায়িত্ব তরুণদের হাতে তুলে দিতে। শাহবাগ যখন পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠল, তখন প্রচার (প্রচার না বলে অপপ্রচার বলাই যথার্থ) করা হলো যে শাহবাগ চত্বরে যে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টরা আন্দোলন পরিচালনা করছেন, তাঁরা নাস্তিক। অবাক হওয়ার মতো বিষয়! শাহবাগ চত্বর থেকে ধর্মের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারিত হয়নি। তাহলে শাহবাগকে কেন নাস্তিকতা ও ধর্ম অবমাননার দায়ভার নিতে হবে? আর ওই দায়ে ফাঁসি দাবি করা হলো শাহবাগের আন্দোলনকারীদের। তাহলে কি বিনা অপরাধে তাঁদের শাস্তি দাবি করা হলো না? শাহবাগ চত্বরকে ‘নাস্তিকদের সমাবেশ’ বলার মধ্য দিয়ে কোটি বাঙালির আবেগকে কি অপমান করা হলো না? যাঁরা শাহবাগে জড়ো হওয়া জনতাকে ‘নাস্তিক’ বললেন, তাঁরা কি ইসলামসম্মত কাজ করলেন? শাহবাগের স্বতঃস্ফূর্ততায় আকৃষ্ট হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একাত্ম হতে শাহবাগে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এসেছিলেন, যাঁরা প্রতিনিয়ত যুদ্ধাপরাধীদের বিচারের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি উত্থাপন করেছে, সেটি কতটা ন্যায়সংগত? যুগ যুগ ধরে বাংলাদেশ নানা ধর্ম, বর্ণ ও বহুত্ববাদী সংস্কৃতির একটি দেশ। এমন একটি দেশে মদিনা নগররাষ্ট্রে অনুসৃত নিয়মকানুনের অনুরূপ বিধিবিধান প্রযোজ্য বলে আমি মনে করি। মক্কা থেকে মদিনা শহরে হিজরত করার পর মহানবী (সা.) অন্যান্য ধর্ম ও গোত্রের সঙ্গে আলোচনা করে যে মদিনা সনদ প্রণয়ন করেন, সেটির চরিত্র ছিল ধর্মনিরপেক্ষ। ওই সনদের মধ্য দিয়ে মহানবী (সা.) মুসলমান, খ্রিষ্টান, ইহুদিসহ মদিনা শহরের সব ধর্ম ও গোত্রের মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছিলেন। বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের লোক যেখানে থাকেন, যে সমাজে রয়েছে বহুত্ববাদী সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য, সেই দেশ বা রাষ্ট্রের জন্য আদর্শ হচ্ছে মদিনা শহরে অনুসৃত ধর্মনিরপেক্ষ বিধিবিধান। এই মানদণ্ড দিয়ে যদি আমরা হেফাজতে ইসলামের ১৩ দফাকে মূল্যায়ন করি, তাহলে তা যেমন ইসলামের শিক্ষার পরিপন্থী, তেমনি তা বাংলাদেশকে একটি উগ্র ও পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করার অগ্রহণযোগ্য একটি ইশতেহার। চারশাহবাগের সঙ্গে শাপলা চত্বরের কোনো তুলনা হতে পারে না। শাহবাগে সর্বস্তরের মানুষ এসেছিলেন মনের স্বতঃস্ফূর্ত তাগিদে। তাঁদের চেতনায় ছিল মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, তাঁদের চোখেমুখে ছিল অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। শাপলা চত্বরে যাঁরা এসেছিলেন, তাঁরা একই ধরনের মানুষ, ওলামা-মাশায়েখ ও কওমি মাদ্রাসার ছাত্র। ওখানে যেমন কোনো নারীর উপস্থিতি ছিল না, তেমনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিও আমরা দেখিনি। ফলে এটা মানতেই হচ্ছে যে শাহবাগ চত্বরই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, শাপলা চত্বর নয়। শাপলা চত্বরে যে লাখো মুসল্লি জড়ো হয়েছিলেন, তাঁরা যদি ইসলামের সাম্য, মানবতা ও উদারতার কথা বলতেন, তাহলে আমরা খুশি হতাম। কিন্তু তাঁরা সে কথা বললেন না। শাপলা চত্বরে তাঁরা ছুটে এসেছিলেন ইসলামকে হেফাজতের জন্য, কিন্তু ইসলাম কবে, কোথায়, কার দ্বারা বিপন্ন হয়েছে, তা তাঁরা জানেন না। তাঁরা ছুটে এসেছিলেন এ জন্য যে, মহানবী (সা.)-কে অবমাননা করা হয়েছে। মহানবী (সা.)-কে যদি অবমাননা করা হয়ে থাকে, তার জন্য প্রচলিত আইনেই শাস্তির ব্যবস্থা রয়েছে। তার জন্য ঘেরাও, অবরোধ, দেশ অচল করার মতো পরিস্থিতি সৃষ্টি করার প্রয়োজন ছিল না। আর মহাপুরুষদের অবমাননা করে এ পৃথিবীতে কোন কল্যাণটা সাধিত হয়েছে? শেখ হাফিজুর রহমান: সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]