রাজধানীর শাহবাগে চলমান আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। বস্তুত এক নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে এই গণজাগরণকে কেন্দ্র করে। এ এক বিরল ঐতিহাসিক মুহূর্ত, যার তাৎপর্য উপলব্ধি করা খুব প্রয়োজন।প্রথমত, এই আন্দোলনের সূচনা ঘটিয়েছে তরুণ প্রজন্ম, যাদের কোনো দলভিত্তিক রাজনৈতিক পরিচয় নেই। হাজার হাজার তরুণ-তরুণী পথে নেমে এসেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে। শুধু ঢাকায় নয়; চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, বরিশালসহ দেশের প্রায় সব বড় শহরে ছড়িয়ে পড়েছে এক অভাবিত নতুন গণজাগরণ।বিশেষভাবে লক্ষণীয় বিষয়, তরুণ প্রজন্মের এই আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ; তারা তাদের দাবিগুলো তুলে ধরছে গানে, স্লোগানে ও বক্তৃতায়; তাদের আবেগের প্রকাশ ঘটছে পোস্টারে, ব্যানারে, ফেস্টুনে, রাজপথে আঁকা ছবি ও নকশায়। এই বিপুল গণজাগরণে তরুণসমাজকে উদ্দীপ্ত ও ঐক্যবদ্ধ করেছে যে শক্তি, তা হলো মুক্তিযুদ্ধের চেতনা। স্বাধীনতাযুদ্ধের নয় মাস ধরে মানবতার বিরুদ্ধে যেসব গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার ও অপরাধীদের সমুচিত শাস্তি নিশ্চিতভাবে কার্যকর করার দাবিতে এক সুরে অভিন্ন কণ্ঠে সোচ্চার এই তরুণসমাজ। তারা চায় দীর্ঘ চার দশকে যুদ্ধাপরাধের বিচারহীনতার পুঞ্জীভূত গ্লানি থেকে স্বাধীন বাংলাদেশকে মুক্ত করতে।দ্বিতীয়ত, এই গণজাগরণ দেখিয়ে দিচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধের বিচারের দাবির সর্বজনীনতা কত ব্যাপক, দলীয় রাজনৈতিক স্বার্থের কত ওপরে এর স্থান। তরুণসমাজের নাড়ির স্পন্দন পাঠ করতে, তাদের পাঠানো বার্তা নির্ভুলভাবে বুঝে নিতে রাজনৈতিক দলগুলোর জন্য এটি এক বিরল শিক্ষণীয় মুহূর্ত। সব রাজনৈতিক দলকে বুঝে নিতে হবে, যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিক লাভ-লোকসান হিসাব করার বিষয় নয়।ক্ষমতাসীন আওয়ামী লীগের উপলব্ধি করা জরুরি যে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার অঙ্গীকার তাদের আর দশটি নির্বাচনী অঙ্গীকারের মতো নয়। এটি কোনো সাধারণ বিষয়ও নয়; অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপক্ষের সর্বাত্মক আইনি প্রচেষ্টা, সর্বোচ্চ পেশাগত দক্ষতা নিশ্চিত করার বিষয়। বিচার-প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো ক্ষেত্রে সামান্যতম দুর্বলতা, অদক্ষতার সুযোগ নেই।বিরোধী দল বিএনপির উপলব্ধি করা জরুরি যে যুদ্ধাপরাধের বিচারের দাবি কেবলই আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ নয়; বরং এটি অত্যন্ত প্রবল একটি জনদাবি, বিশেষত দেশের তরুণসমাজ রয়েছে এই দাবি আদায়ের সংগ্রামের সম্মুখ সারিতে। এই বাস্তবতা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের প্রতি রাজনৈতিক আনুকূল্য প্রদর্শন না করে, বরং তাদের পরিহার করাই হবে যথার্থ পথ। বিষয়টির সর্বজনীনতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।তরুণসমাজের এই আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নবায়ন ঘটছে। আমরা আশা করব, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করে অপরাধীদের সমুচিত শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের গ্লানিমুক্ত হতে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না।