পয়লা বৈশাখের নারী নিগ্রহের ঘটনাসূত্রে শাহবাগ থানার ওসির বিরুদ্ধে ১৯৯৭ সালের একটি ধর্ষণের আলামত গোপন করার মামলায় তাঁর আসামি হওয়ার বিষয়টি সামনে এসেছে। ১৯৯৬ সালে রাউজানের সীমা ধর্ষণ মামলা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। পরে এই মামলায় বিচারিক আদালতের রায়ে পুলিশের গাফিলতি চিহ্নিত হয়। ১৯ বছরের ব্যবধানে রাউজান ও শাহবাগ থানাসংলগ্ন এলাকার নারী নিগ্রহের ঘটনায় সেই একই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। সীমা ধর্ষণকালে শাহবাগের বর্তমান ওসি রাউজানে ছিলেন। তাই তিনি এর আগে কী করে সীমা ধর্ষণের মামলার আলামত সংগ্রহের গাফিলতি মামলায় বিচার এড়িয়ে ছিলেন, তা এখন তদন্তের দাবি রাখে।
অভিযুক্ত আমলা ও পুলিশ কর্মকর্তারা যে সরকারের পটপরিবর্তনে রাতারাতি ভোল পাল্টিয়ে বিচার এড়াতে সক্ষম হন, এই ঘটনায় তার প্রমাণ মিলল। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনের চোখে নির্দোষ। কিন্তু এখানে আইনকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সীমা ধর্ষণের ঘটনায় আদালতই বলেছিলেন, পুলিশ ‘অত্যাবশ্যকীয় আলামত’ সংগ্রহ করেনি। এর ভিত্তিতে রাউজানের পুলিশ দায় এড়াতে পারে না।
আলামত গোপনের আসামি ছিলেন শাহবাগের ওসিআদালতের এই মন্তব্যের ভিত্তিতেও ওই ওসির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। অথচ আলামত গায়েবের দায়ে নির্দিষ্ট মামলা হলেও সরকার বদলের পর তাঁর আর বিচার হয়নি। বরং তিরস্কারের পরিবর্তে তাঁর দ্বৈত ‘পুরস্কার’ জুটেছে। বিএনপি তাঁকে মামলা থেকে অব্যাহতি দেয়। আর আওয়ামী লীগ সেই একই ব্যক্তিকে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ থানার ওসি হিসেবে নিয়োগ করে। আর এবার যৌন হয়রানির ঘটনায় তিনিসহ দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কর্তব্যনিষ্ঠা নিয়েও প্রশ্ন উঠেছে।
আমরা আশা করব, শাহবাগের ওসির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে তাঁর আগের আচরণকেও বিবেচনায় নেওয়া হবে। সীমা ধর্ষণ মামলার আলামত গায়েব মামলাটিরও দ্রুত বিচার হোক।