বিলাতের এক হিম শীতল শহরে বসে অনুভব করছি ঢাকার শাহবাগের উত্তাপ। শাহবাগের ঢেউ ঢাকা ছাড়িয়ে দেশের নানা শহর ঘুরে তরঙ্গ তুলেছে পৃথিবীর দূর দূর সীমানায় থাকা বাংলাদেশের মানুষের মনে। সন্দেহ নেই একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে শাহবাগ চত্বরকে কেন্দ্র করে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে শাহবাগে গড়ে ওঠা এই আশ্চর্য গণজমায়েত এবং তা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়ার এই ঘটনা হতবিহ্বল করে তুলেছে অগণিত মানুষকে। বহুকাল এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়নি এ দেশের মানুষ। এই জনস্রোত, এই ঢেউ কোথায় গিয়ে ঠেকবে, সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এই অবসরে এইটুকু বলা যায়, এ গণজমায়েত অনেকগুলো বার্তা নিয়ে উপস্থিত হয়েছে আমাদের সামনে। সেগুলো নিয়েই খানিকটা ভাবা যেতে পারে:পৃথিবীব্যাপী সংগঠনবিহীন গণ-আন্দোলনের একটি ধারা সূচিত হয়েছে সাম্প্রতিক কালে। আরব বসন্তের সময় বিভিন্ন আরব দেশে আমরা তা দেখেছি, আমেরিকার ‘আমরা ৯৯%’ ওয়াল স্ট্রিটের সেই আন্দোলনেও সেটা লক্ষ করা গেছে। এ ধরনের সংগঠনবিহীন গণজোয়ার কোনো কোনো ক্ষেত্রে এক ব্যাপক পালাবদলের সূচনা করেছে, অনেক ক্ষেত্রে স্পষ্ট কোনো ফলাফল আনেনি। কিন্তু এটি বিশ্বব্যাপী গণ-আন্দোলনে একটি অভিনব মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে এটিও লক্ষণীয় যে এসব গণজমায়েত সংগঠিত হচ্ছে আধুনিক, প্রযুক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ব্লগ, টুইটারের মাধ্যমে। বলা বাহুল্য, গণ-অভ্যুত্থান একটি নতুন যুগে প্রবেশ করেছে। রাজনীতিতে ‘সাইলেন্ট মেজরিটি‘ বলে একটি কথা আছে। লক্ষণীয় সেই ‘নীরব সংখ্যাগরিষ্ঠ‘ মানুষ তাদের কণ্ঠস্বর শোনাবার জন্য প্রচলিত সংগঠনের বাইরের বিকল্প, নতুন একটি ভাষা, পরিসর খুঁজে পেয়েছেন। যারা ধ্রুপদি ধারার সাংগঠনিক প্রক্রিয়ায় রাজনীতি করেন, তাঁরা খানিকটা অপ্রস্তুত হয়েছেন এবং ভাবছেন, কী করে এই নতুন ধারার আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করবেন। রাজনীতির এই নতুন মাত্রাকে প্রচলিত রাজনৈতিক দলগুলো কীভাবে আত্মস্থ করবেন, মোকাবিলা করবেন, তা নিয়ে তাদের ভাবতে হবে এখন। শাহবাগের এই জমায়েত সেই প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে তাদের সামনে। দেখা যাচ্ছে, বিশেষ করে তরুণ এমনকি কিশোর-কিশোরীরা এসে জড়ো হয়েছে এখানে, যাদের জন্ম মুক্তিযুদ্ধের বহুকাল পর। তার সঙ্গে যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধকালীন প্রজন্মের মানুষও। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির একটিমাত্র দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। প্রায় ঘোরগ্রস্তের মতো, মন্ত্র পড়ার মতো তাঁরা অবিরাম স্লোগান দিয়ে চলেছেন ‘তুই রাজাকার’ কিংবা ‘ফাঁসি চাই’। আমাদের স্মরণ রাখা দরকার যে স্বাধীনতার পর একটা দীর্ঘ সময় ধরে যুদ্ধাপরাধের যাবতীয় প্রসঙ্গকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে বেমালুম চেপে যাওয়ার চর্চা হয়েছে। এটিকে রীতিমতো একটি ‘নন ইস্যু’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। কিন্তু সত্য এই যে একটি জাতির যৌথ চেতনায় অমীমাংসিত একটি প্রসঙ্গকে চাইলেই রাবার দিয়ে ঘষে ফেলবার মতো ঘষে মুছে ফেলা যায় না। সেটা চোরাগোপ্তা জমা থাকে। সেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গোপনে প্রবাহিত হয় এবং সময়-সুযোগ মতো প্রকাশিত হয় বিস্ফোরণের চরিত্রে। শাহবাগ থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়া এই জমায়েত আমাদের এই বার্তা দেয় যে যুদ্ধাপরাধ বিষয়টি বাংলাদেশের মানুষের যৌথ চেতনায় গোপনে তুষের আগুনের মতো জ্বলছে অবিরাম। এ নিয়ে টালবাহানা, বুজরুকি, জোচ্চুরি, ফায়দা লোটার সময় শেষ হয়েছে। এর একটা চূড়ান্ত নিষ্পত্তি আমাদের করতেই হবে। সেই সঙ্গে এই বার্তাও স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে স্বীকার করে নিয়েই তবে পথ চলতে হবে।এই জমায়েত একটি বিশেষ দাবি সামনে রেখে হলেও এর ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে আরও বিবিধ মাত্রার ক্ষোভও। লক্ষণীয়, তরুণেরা রাজনীতির পরিচিত মুখদের এই বিশাল গণজমায়েতে কোনো ভূমিকা রাখবার সুযোগ দেয়নি। মাইক দেখলেই যাদের মুখ সচল হয়ে ওঠে, জমায়েত দেখলেই উঠে যায় যাদের তর্জনী—তরুণেরা তাদের বর্জন করেছে। প্রচলিত রাজনীতির প্রতি এ-ও এক কঠোর বার্তা তরুণদের। তারা এখানে জমায়েত হয়েছে গভীরতর প্রাণের তাগিদে। এখানে ভোটের, টেন্ডারের খেলা নেই, শুধু আছে আত্মার গহিনে সুপ্ত হয়ে থাকা ক্ষোভ আর কান্নার জানান দেওয়ার আয়োজন। সেখানে যে মানুষ অবিরাম ক্ষমতার খেলায় ছলনা, ষড়যন্ত্র আর বাগাড়ম্বতায় ব্যস্ত থাকে, তাদের উপস্থিতির মাধ্যমে পরিবেশটির স্নিগ্ধ পবিত্রতাকে বিনষ্ট হতে দিতে চায়নি তারা। সেই সঙ্গে এই জমায়েত সুযোগ করে দিয়েছে চেনা রাজনৈতিক দলগুলোকে আরও ভালো করে চিনে নেওয়ার। আমরা দেখে নেওয়ার সুযোগ পাচ্ছি কোনো দল এমন একটি বিপুল ঘটনাতেও কোনো মন্তব্য না করে নীরব থাকছে, কোনো দল এমন একটি স্বতঃস্ফূর্ত গণজোয়ারকে নিজের ঝাঁকায় তুলবার মওকা খুঁজছে।এই জমায়েত এই বার্তাও দেয় যে আপাতভাবে ম্লান, হতাশাগ্রস্ত, দিকচিহ্নহীন বাংলাদেশের মানুষের সত্তার ভেতর আছে এক গোপন অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ড তার জ্বালাময়ী রূপ নিয়ে বিকটরূপে উদ্ভাসিত হতে পারে যেকোনো সময়। যে প্রজন্ম নিজেরা মুক্তিযুদ্ধ করবার সুযোগ পায়নি, পরিস্থিতি তৈরি হলে তারাও তাদের আগুন নিয়ে আবির্ভূত হতে পারে। ফলে যে রাজনীতি মানুষকে বোকা বানাবার খেলায় মেতে থাকতে চায়, তাদের সতর্ক হতে হবে, তাদের জেনে রাখতে হবে, খেলা শুধু তাদের হাতেই নয়। দূর দ্রাঘিমায় বসে অভিনন্দন জানাই শাহবাগ ছাড়িয়ে দেশের নানা প্রান্তে জেগে ওঠা এই আলোকসামান্য তারুণ্যকে। শাহাদুজ্জামান: কথাসাহিত্যিক। [email protected]