শাহবাগ আন্দোলনের এক যোদ্ধাকে হত্যা করা হয়েছে দেশে, ইংল্যান্ডের যোদ্ধাদের জানতে এক সেকেন্ডও সময় লাগেনি। মোবাইলে, অনলাইনেই ওরা সারাক্ষণ। একটা চিৎকার এবং তারপর তিন সেকেন্ডেই তাদের বাকি কর্মসূচি নিয়ে লেগে পড়া, চোখে আগুন। এই তাদের অবস্থা। আমি যেন আবার একাত্তর দেখছি। দুই দশকেরও আগে বিলেতে এসেছিলাম। তখন একদিন ভোরবেলা তাড়াহুড়ো করে স্কুলে যাওয়ার সময় টিভি খুলে দেখি, আহা রে! সৌম্য শান্ত ও সুন্দর কান্তি সাদা এক বৃদ্ধ যে ভালো করে হাঁটতেও পারে না, পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। দেখে মায়া হয়েছিল, এই বুড়োটা কীই-বা অপরাধ করতে পারে! কিন্তু শুনে অবাক! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তার ঘাড়-গর্দান শক্ত ছিল, বোধ ও বুদ্ধি ছিল তীক্ষ, তখন এই শত শত নিরপরাধ বৃদ্ধ, যুবক, নারী, শিশুকে গ্যাস চেম্বারের মৃত্যুকূপে ঠেলে দিয়েছে। এত দিন সে আত্মগোপন করে ছিল স্যারেতে। এখন তাকে খুঁজে খুঁজে বের করেছে বিশ্বমানবতা। প্রায় ৫০ বছর পরও যুদ্ধাপরাধের দায়ে তার বিচার শুরু হয়েছে। অপরাধ কখনো তামাদি হয় না।টিউবে উঠে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গোলাম আযম, নিজামী, সাঈদী, কাদের মোল্লাদের চেহারা ভেসে এল। এরাও তো তাই। ১৯৭১ সালে যখন তারা শক্তি ও সামর্থ্যে সম্পন্ন ছিল, তখন তারা বাংলাদেশে কী তাণ্ডব না করেছে। সে সময় তারা রাজাকার আলবদর আলশামসকে পরিচালনা করেছে, গণহত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। তারপর কেটে গেছে দুই দশক। সে সময় মনে হতো, আমরা কী করে ভুলি তাদের কলঙ্ক ও কালিমার কথা! শহীদজননী জাহানারা ইমাম লড়াই করতে করতেই তাঁর মাথায় ‘দেশদ্রোহ’র মামলা নিয়ে চলে গেলেন, কিছু হলো না। অভিযুক্তরা কেউ কেউ ইংল্যান্ডে পালিয়ে এসে আবার আস্তানা গাড়ল।কিন্তু সত্য যে কঠিন। ওরা যত পাপ করেছে, আমাদের সত্যের সন্তানেরা ততই নিজেদের দেশের জন্মকথা খুঁজে নিতে কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই তৎপর হয়ে উঠেছে। নিজেই নিজের ঠিকুজি খুঁজতে গিয়ে দেখল, কম্পিউটার হাতে যেখানেই দাঁড়াচ্ছে, সেখানেই পায়ের নিচে একাত্তরের বধ্যভূমি। এ প্রজন্ম দেখেছে সুবিচার হয়নি, তখন তারা জ্বলে উঠেছে—দ্বিগুণ ত্রিগুণ। যেন আরেক একাত্তরের অভ্যুদয়। ৪২ বছর আগুনকাল কাটিয়েছি। পুড়ে পুড়ে অঙ্গার হয়ে গেছে সব। সেই পোড়া দেশ থেকেই স্মৃতির দগদগে ঘা মুছে উঠে দাঁড়িয়েছে ওরা। আর সে শাহবাগের তারুণ্য প্রজন্মের স্পন্দন ছড়িয়ে পড়েছে সিলেট, চাটগাঁ, রংপুর, তেঁতুলিয়া, টেকনাফ হয়ে লন্ডন। ছড়িয়ে পড়েছে আমেরিকা, কানাডা, জার্মানি। ইথারে ইথারে অন্তর্জালে তা এমনভাবে ছড়িয়েছে যে কোনো রাজনৈতিক দলের হাতে আর কোনো ঘুঁটি অবশিষ্ট নেই। নেতৃত্ব এখন তারুণ্যের হাতে। না, ক্ষমা তারা করেনি। এই অপশক্তির রাজনীতির খেলায় কত নিরীহ ও নিরাপরাধ মানুষের মৃত্যু হয়েছে। এরা কৃতকর্মের জন্য মাফ চায়নি। এরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী। তাই এদের জন্য অনুকম্পা নয়। যারা তাদের বন্ধু ভাবে, তাদেরও পরিত্যাগ করতে হবে। জামায়েতের হাত ছাড়ার এখনই সময়। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে না বলে আমি নিজেও মহা গ্লানি নিয়ে এ দেশে এসেছিলাম। ইস্যুটি নিয়ে লেখালেখিতে সোচ্চার ছিলাম, তাই বিলেত বসবাস আমার কাঁটাশূন্য ছিল না। গেল ৮ ফেব্রুয়ারি শুক্রবার ছিল ইস্ট লন্ডন মসজিদের অত্যন্ত কাছে আলতাব আলী পার্কে লন্ডনে ব্লগার প্রজন্মের ডাকে শাহবাগের সঙ্গে সংহতির দ্বিতীয় সমাবেশ। গিয়ে দেখি, যে জামায়াতিরা ভুলেও শহীদ মিনারে যেত না, সেদিন শাহবাগের সঙ্গে আমাদের সংহতি সমাবেশ ঠেকাতে আমাদের প্রজন্মের দেওয়া সময়ের দুই ঘণ্টা আগে থেকেই মিনার ঘিরে দাঁড়িয়ে আছে—যেন শহীদ মিনার তাদের কাছ থেকে কেউ কেড়ে নেবে। মিনার দখলের যুদ্ধ ছিল না। প্রজন্ম বিলেতের বর্ণ শহীদ আলতাব আলীকে শ্রদ্ধা জানিয়ে দাঁড়াতে চেয়েছিল। না পেরে টানা আট ঘণ্টার মতো আমাদের প্রজন্ম একাত্তরের মতোই তাদের সঙ্গে লড়াই চালিয়ে গেল। মাঠ পুলিশে পুলিশে একাকার হলো। নির্ভয়ে তারা গান গেয়ে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ধ্বনি দিতে থাকল। কী অভূতপূর্ব দৃশ্য। রাত ঘনবদ্ধ হয়ে এলে মোমবাতির আলোতে বৃষ্টিভেজা মাঠে লেখা ফুটে ওঠে ৭১। হাতে হাতে মোমবাতি। মুখে মুখে জয় বাংলা ধ্বনি। ফিরতি পথে ভাবি, এরপর কী হবে? পড়াশোনা, চাকরি, বাচ্চাদের দেখাশোনা, রাতেও কাজ—সব মিলিয়ে বিদেশে টিকে থাকাই যেখানে যুদ্ধ, সেখানে ওরা বাংলাদেশের শাহবাগের জাগরণের সঙ্গে সংহতি নিয়ে এ দেশে প্রতিষ্ঠিত গাড়িওয়ালা-বাড়িওয়ালা রাজাকারদের সঙ্গে কী করে লড়বে! কিন্তু অবাক হয়ে দেখি, ওরা সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। শাহবাগের সঙ্গে সংহতিতে লন্ডন প্রজন্ম হাজার মানুষের বিশাল মিছিল করল ওই আলতাব আলী পার্কেই। বিবিসি হেডকোয়ার্টার্সের সামনেও শত শত মানুষ জড়ো হয়েছিল ওদেরই সাইবার ডাকে আর হিমাঙ্কের নিচে তাপমাত্রায় দাঁড়িয়ে বজ্রকণ্ঠে সবাই বলেছে, ‘বিবিসি সিএনএ ওপেন ইয়োর আইজ। তোমাদের চোখ খোলো। জয় বাংলা’। সোনার ছেলেমেয়েরা আমি শুধু তোমাদের স্পর্শ করতে গিয়েছিলাম। আমি আগুন নিয়ে ফিরে এসেছি। জয় বাংলাদেশের তারুণ্যের জয়।শামীম আজাদ: কবি ও কলামিস্ট।