শাহরাস্তি ও চরফ্যাশন পৌর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি ও ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচনে ১৫ ফেব্রুয়ারি ভোট নেওয়া হয়। দুই জায়গাতেই বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। মাত্র দুটি পৌরসভার নির্বাচনে যদি এই অবস্থার সৃষ্টি হয়, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আগামী মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা।
গত কয়েক বছরে জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, ব্যালট পেপার ছিনতাই, ভোটারদের ভয়ভীতি দেখানো, ভোটকেন্দ্র ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটেছে। আমরা দেখছি নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে তাদের ব্যর্থতার প্রমাণ রাখছে।
আইনত স্বাধীন হলেও নির্বাচন কমিশনের কার্যক্রমে তার কোনো প্রতিফলন নেই। আইন প্রতিপালনের চেয়ে ক্ষমতাসীন দলের ইচ্ছে পূরণেই তাদের ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটি কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও। যেকোনো পর্যায়ের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পূর্বশর্ত হলো প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী ও পক্ষের সমান সুযোগ; যা ইসি খুব কম ক্ষেত্রেই রক্ষা করতে পেরেছে।
এই প্রেক্ষাপটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জনমনে আশাবাদের চেয়ে শঙ্কাই বেশি দেখা দিয়েছে। এই শঙ্কা বেড়েছে এ কারণে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনী আচরণবিধিতে প্রার্থিতা বাতিলের বিধান নেই। যদিও আচরণবিধি লঙ্ঘনকারী রাজনৈতিক দলকে জরিমানা করার ক্ষমতা বহাল আছে। এবারই প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচন দলীয় ভিত্তিতে হতে যাচ্ছে। এখন নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশন কতটা কঠোর হতে পারবে, সেটাই দেখার বিষয়।
শাহরাস্তি ও চরফ্যাশনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাই পরবর্তী নির্বাচনের অনিয়ম ও বিশৃঙ্খলা বন্ধে সহায়ক ভূমিকা রাখতে পারে।