শাহাদত হোসেনকে অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত ব্যবস্থার মধ্যে ব্যক্তি বিদ্যমান ঘুণে ধরা ব্যবস্থা পরিবর্তনেও যে কতটা বড় ভূমিকা পালন করতে পারেন, তার বড় প্রমাণ রাজশাহীর পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন। তিনি পাবলিক সার্ভেন্ট বা জনসেবক কথাটির একটি সার্থক দৃষ্টান্ত স্থাপন করেছেন। উৎকোচ, তদবির, কালক্ষেপণ ও দালাল ধরাধরি ছাড়া ভূমি অফিসে কোনো কাজ হয়, সেটা বহুকাল ধরে মানুষের ধারণার বাইরে। ফৌজদারি মামলার ৬০ ভাগের বেশি হয় ভূমিবিরোধ নিয়ে।

কোনো গণমুখী পরিবর্তনের কথা এলেই আমরা অনেকে বিপ্লবের কথা বলি। কিন্তু বাংলাদেশের বহু ক্ষেত্রে নীরবে-নিভৃতে দেশপ্রেম, মানুষের প্রতি অঙ্গীকার আর বিবেকের তাড়নায় মানুষ বিপ্লব ঘটিয়ে চলেছে। পবা উপজেলার ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীকে ভিনগ্রহ থেকে আনতে হয়নি, সেখানে দীর্ঘদিন ধরে কর্মরত জনবল দিয়েই দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি জনবান্ধব প্রশাসন পরিচালনার বিরল নজির স্থাপন করা সম্ভব হয়েছে।
একটি পরিচ্ছন্ন প্রশাসন গড়ে তুলতে কোনো অতিরিক্ত অর্থ, লোকবল বা অবকাঠামো কোনোটিরই যে দরকার পড়ল না, শুধু একজন দায়িত্বশীল কর্মকর্তার নেতৃত্ব প্রদান করাই যে এই সাফল্যের মূল কথা, তা সহজে বোধগম্য। ৯০ বছর বয়সের একজন ফাতেমা বেওয়া কয়েক বছর ঘুরেও তাঁর জমির রেকর্ড হালনাগাদ করতে পারছিলেন না, সেই তিনিই অল্প কয়েক দিনের মধ্যে বিনা টাকা ও হয়রানিতে কাজটি করতে পেরেছেন। গত সাত মাসে দুই হাজারের বেশি মানুষকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে। অথচ এর আগের সাত মাসে এই নিষ্পত্তির হার ছিল অর্ধেকের কম। সেবা গ্রহণকারী মানুষ যেমন খুশি, তেমনি খুশি সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীরা।
আমরা মন্ত্রিপরিষদ সচিব ও রাজশাহী বিভাগের কমিশনারসহ প্রত্যেক পৃষ্ঠপোষকতা দানকারী কর্মকর্তাকেও ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধা শফিকুর রহমান মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের বাস্তবতায় এমন সেবা লাভের অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে।’ তাঁর এই মুগ্ধতা ছড়িয়ে পড়ুক দেশময়, শাহাদত হোসেন হোন অন্যদের অনুপ্রেরণার উৎস।