শিক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির একচ্ছত্র ক্ষমতা রহিত করার সিদ্ধান্ত সৎ উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়। কারণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির যেসব অভিযোগ দিনের পর দিন চলে আসছে, তা দূর করতে এ ধরনের উদ্যোগের বিকল্প ছিল না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করতে অন্যান্য অনিয়ম দূর করাও জরুরি।
নতুন নিয়ম অনুযায়ী, জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধাতালিকা অনুযায়ী শিক্ষকদের নিয়োগ দিতে হবে পরিচালনা কমিটিকে। আগে এ পরীক্ষায় উত্তীর্ণ যে কাউকেই নিয়োগ দিতে পারত কমিটি। নতুন নিয়মে পরিচালনা কমিটি চাইলেই কাউকে নিয়োগ দিতে পারবে না। এতে দুর্নীতি ও স্বজনপ্রীতি করার সুযোগ কমবে।
শিক্ষক নিয়োগে ক্ষমতা হারাচ্ছে পরিচালনা কমিটি তবে নতুন নিয়মের ফল পাওয়ার পূর্বশর্ত হচ্ছে নিবন্ধন পরীক্ষা ও মেধাতালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা। নিবন্ধন পরীক্ষায় যদি কোনো ধরনের অনিয়ম হয় বা মৌখিক পরীক্ষার পর মেধাতালিকা তৈরি সময় যদি দুর্নীতি বা স্বজনপ্রীতি কাজ করে, তবে দুর্নীতির স্থানান্তর ছাড়া কাজের কাজ কিছুই হবে না। শিক্ষার মান নিশ্চিত করতে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষক। ফলে যথাযথভাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও মেধাতালিকা তৈরির বিষয়টিতেই এখন মনোযোগ দিতে হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে, তার মূল কারণ পরিচালনা কমিটিগুলোয় রাজনৈতিক প্রভাব। পদাধিকারবলে স্থানীয় সাংসদেরা তাঁর এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন। অন্য প্রতিষ্ঠানগুলোয়ও তাঁদের পছন্দের ব্যক্তিরা পরিচালনা কমিটির সভাপতির পদ পান। এ কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যত স্থানীয় সাংসদের নিয়ন্ত্রণে থাকে। ফলে রাজনৈতিক বিবেচনা, স্বজনপ্রীতি এবং দুর্নীতিও অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে সম্পূর্ণ রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে।