কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী কতিপয় ছাত্র গত সোমবার ক্যাম্পাসে শিক্ষকদের ওপর যে হামলার ঘটনা ঘটিয়েছেন, তা বর্বরোচিত ও ন্যক্কারজনক। আমরা তীব্র ভাষায় এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মবহির্ভূতভাবে ১৬২ জন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োগ দিয়েছে। আন্দোলনের অংশ হিসেবে তারা সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত আছে। শিক্ষক সমিতির আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, এমনকি তার প্রতিবাদও করা যেতে পারে। কিন্তু শিক্ষার্থী হয়ে শিক্ষকদের গায়ে হাত তোলার মতো কাণ্ড কীভাবে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটালেন? শিক্ষক সমিতির অভিযোগ, প্রশাসনের মদদেই এই হামলা চালানো হয়েছে।আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকেরা সেদিন প্রশাসনিক ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বেলা ১১টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে ঢুকে শিক্ষকদের ওপর চড়াও হন। তাঁরা শিক্ষকদের কিলঘুষি মেরে ৩০ জনকে আহত করেন বলেও পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ছাত্রলীগ নেতাদের দাবি, শিক্ষকেরা প্রশাসনিক ভবনে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছিলেন। তাঁদের এই বক্তব্য যদি সত্যও হয়, তাহলেও কি তাঁরা শিক্ষকদের ওপর হামলা চালাতে পারেন? কী শিক্ষা দিয়েছেন তাঁদের অভিভাবক ও সংগঠনের নেতারা? আমাদের সমাজে বাবা-মায়ের চেয়েও বেশি মর্যাদা ও সম্মান দেওয়া হয় শিক্ষকদের। সেই শিক্ষকদের ওপর চড়াও হওয়ার ধৃষ্টতা এঁরা কোথায় পেলেন!এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাও লজ্জাজনক। উপাচার্য বলেছেন, ‘তিনি শুনেছেন, প্রশাসনিক ভবনে কিসের গোলমাল হয়েছে, কিন্তু শিক্ষকেরা আক্রান্ত হয়েছেন এমন খবর তাঁর কাছে নেই।’ আক্রান্ত সহকর্মী শিক্ষকদের প্রতি এই হলো তাঁর সহমর্মিতার নমুনা। সারা দেশের মানুষ টেলিভিশনের কল্যাণে যে ঘটনা প্রত্যক্ষ করেছেন, সেই ঘটনা উপাচার্যের চোখে পড়েনি। এর আগে এই নিয়োগের বিরুদ্ধে সরকার-সমর্থক ছাত্রসংগঠনটি যখন আন্দোলন করেছিল, তখনো প্রশাসন নিশ্চুপ ছিল। আসলে এ ধরনের মেরুদণ্ডহীন ব্যক্তিদের দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না।ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে অচলাবস্থা চলছে। কখনো প্রশাসনের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্ব, কখনো প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনের মধ্যকার সংঘর্ষে পরীক্ষা ও ক্লাস ব্যাহত হচ্ছে। আমরা এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও সরকারপ্রধানের হস্তক্ষেপ কামনা করি। অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষক সমিতির কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা এমন কোনো কর্মসূচি নেবে না, যাতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হয়। সেই সঙ্গে শিক্ষকদের ওপর যেসব ছাত্রলীগ নামধারী ব্যক্তি হামলা চালিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। যে শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে হাত তুলতে পারেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ে পড়ার নৈতিক অধিকার নেই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে যে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির স্বৈরাচারী আচরণের জন্য একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস হতে দেওয়া যায় না।