শিক্ষক মানুষ গড়ার দক্ষ কারিগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম সমাজে শিক্ষকমাত্রই বিশেষ মর্যাদার অধিকারী। সাধারণভাবে শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষ হয়ে ওঠার পেছনে পিতামাতার চেয়ে শিক্ষকদের অবদান কম নয়। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। আর শিক্ষকেরা জাতির প্রধান চালিকাশক্তি। এককথায় বলা যায়, শিক্ষক মানুষ চাষ করেন। যে চাষাবাদের মধ্য দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে নীতি-নৈতিকতা ও জীবনাদর্শের বলয় একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত ও কর্মময় জীবনকে মুখরিত করে। পাশাপাশি পরিবার-সমাজ-রাষ্ট্র তথা দেশ-জাতি তার দ্বারা উপকৃত হয়। এ জন্য শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো উচিত। রাসুলুল্লাহ (সা.) যে ঐশী জ্ঞান লাভ করেছেন, আল্লাহ প্রদত্ত সেই জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি মানবজাতিকে স্রষ্টা, মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের নীতিমালা শিক্ষা দান করে নিজের পরিচয় তুলে ধরে বলেছেন, ‘শিক্ষক হিসেবে আমি প্রেরিত হয়েছি।’ (তিরমিজি)মানবসভ্যতা বিকাশের পশ্চাতে রয়েছে শিক্ষকসমাজ। শিক্ষাকে সব উন্নয়নের পূর্বশর্ত হিসেবে ধরলে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকার বিকল্প নেই। তাই তো পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতে জ্ঞানার্জন তথা বিদ্যাশিক্ষার অধিকারী হতে বলা হয়েছে। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘পড়! তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট রক্ত থেকে। পড়! আর তোমার প্রতিপালক পরম সম্মানিত। যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।’ (সূরা আল-আলাক, আয়াত: ১-৫) আল-কোরআনের শিক্ষার আলোকে জ্ঞানার্জনের প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, ‘প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর বিদ্যা অর্জন করা ফরজ।’ (বায়হাকি ও ইবনে মাজা)একজন প্রাজ্ঞ, দূরদৃষ্টিসম্পন্ন সত্যিকারভাবে শিক্ষিত আদর্শ শিক্ষক সমাজ বদলে দিতে একটি বিশেষ ভূমিকা রাখতে পারেন। তাই ক্রমান্বয়ে শিক্ষকতা পেশায় অধিক মেধাবীদের আকৃষ্ট করা ও তাদের ধরে রাখার উদ্যোগ নিতে হবে। আদর্শ শিক্ষকই শুধু জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারেন। এ জন্যই শিক্ষকতাকে অপরাপর পেশার মানদণ্ডে পরিমাপ করা যায় না বলে অনাদিকাল থেকে এটি একটি মহান পেশা হিসেবে সমাজ-সংসারে পরিগণিত। কারণ, জ্ঞানই মানুষের যথার্থ শক্তি ও মুক্তির পথনির্দেশ দিতে পারে। কাজেই শিক্ষকসমাজের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য তাদের অধিকার সচেতনতার পাশাপাশি কর্তব্যবোধ এবং নৈতিক চৈতন্যের জাগরণও প্রয়োজন। এ সম্পর্কে নবী করিম (সা.) যথার্থই বাণী প্রদান করেছেন, ‘দুই ব্যক্তি ব্যতীত অন্য কারও পদ-গৌরব লোভনীয় নয়। তা হলো ১. ধনাঢ্য ব্যক্তি, যাকে আল্লাহ ধন-সম্পদ দান করেছেন এবং তা সৎপথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। ২. ওই ব্যক্তি, যাকে আল্লাহ বিদ্যা দান করেছেন এবং সে অনুসারে সে কাজ করে ও অপরকে শিক্ষা দেয়।’ শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানিত পেশা হিসেবে স্বীকৃত হওয়ায় সমাজে শিক্ষকদের সম্মানের দৃষ্টিতে দেখার ঐতিহ্য ও প্রবণতা বেশ প্রাচীন। সামাজিক দায়িত্ব ও মর্যাদার দিক থেকে শিক্ষকতা অতিশয় গুরুত্বপূর্ণ হলেও জাতীয়ভাবে শিক্ষকদের তেমন সুযোগ-সুবিধা দেওয়া হয় না। যুগের পর যুগ অতিক্রান্ত হয়েছে কিন্তু শিক্ষকদের নির্মম ভাগ্য আজও বদলায়নি। বিশেষত প্রাথমিক শিক্ষকদের বেলায় এ উদাসীনতা মাত্রাতিরিক্ত। শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। এ ভিত্তি গড়ার মূল কারিগর হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তাই শিক্ষা অনুযায়ী মানবচরিত্র ও কর্মের সমন্বয় সাধনই হচ্ছে রাসুলুল্লাহ (সা.)-এর তাগিদ। নিজে শিক্ষা অর্জন করার পরক্ষণেই অপরকে সেই শিক্ষায় শিক্ষিত ও চরিত্র গঠন করার দায়িত্বও শিক্ষকের ওপর বর্তায়। হাদিস শরিফে বর্ণিত আছে যে ‘আল্লাহর পরে, রাসুলের পরে ওই ব্যক্তি সর্বাপেক্ষা মহানুভব, যে বিদ্যার্জন করে ও পরে তা প্রচার করে।’ (মিশকাত) শিক্ষাদানের পাশাপাশি আদমশুমারি, ভোটার তালিকাভুক্তি, টিকাদান, শিশু জরিপ, উপবৃত্তি বিতরণসহ গণসচেতনতামূলক বিভিন্ন সামাজিক উদ্বুদ্ধকরণ ও জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমেও শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। সারা দেশে পাড়াগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপ্রতুল শিক্ষা-উপকরণ ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে তাঁরা অবিরাম শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যান। এভাবে বিরতিহীনভাবে বছরের পর বছর শিক্ষাদানের ফলে অনেক শিক্ষক জীবন সায়াহ্নে এসে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাঁরা জাতিকে জ্ঞানে আলোকিত করে নিজেরা মোমের মতো নিঃশেষিত হন। এ জন্য সত্যিকারার্থে শিক্ষকতার মানসিকতা থাকা সত্ত্বেও অনেকটা সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মতো অনেক প্রাথমিক শিক্ষকই জীবন-জীবিকার কঠিন আঘাতে হয়ে পড়েন মলিন। অথচ নবী করিম (সা.) বলেছেন, ‘শিক্ষক ও শিক্ষার্থী ব্যতীত কেউই আমার আপন নয়।’ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো।’ বিশ্ব শিক্ষক দিবস (৫ অক্টোবর) শিক্ষকদের শিক্ষার প্রগতিকে বিকশিত অবদানের মাধ্যমে সচেতনতা, সমঝোতা এবং উপলব্ধির বহিঃপ্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও শিক্ষাদাতা শিক্ষকদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষকসমাজ দৃঢ়প্রতিজ্ঞ। বৈষম্য-বঞ্চনার অবসানের দাবিতে, নির্যাতন-নিপীড়ন প্রতিরোধে শিক্ষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবসে উচ্চারিত হোক, ‘শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে’। তাই শিক্ষকতা পেশায় নিয়োগের জন্য মেধা, দক্ষতা ও নৈতিকতার মানদণ্ডকে গুরুত্ব দিতে হবে। দেশব্যাপী শিক্ষকদের বৈধ অধিকার ও মর্যাদা সুরক্ষা করা, শিক্ষকদের জীবনের মান উন্নত করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আদর্শ শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক তৈরি এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, সর্বোপরি দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করাই হোক শিক্ষকদের অঙ্গীকার।ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।[email protected]