শিক্ষক-সংকটে কলেজ শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩২৯টি কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানের মধ্যে ২১২টিই ধুঁকছে শিক্ষক-সংকটে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সরকারি কলেজগুলোর অধ্যক্ষ সম্মেলনে অধ্যক্ষরা শিক্ষক-শূন্যতায় পাঠদানের সমস্যা তুলে ধরেন। গত বছরের এপ্রিলেও তাঁরা একই দাবি উত্থাপন করেন। দুবারই শিক্ষামন্ত্রী সমস্যা সমাধানে কাজ চলছে বলে সমাধানের অঙ্গীকার করেন। কিন্তু গত বছরের এপ্রিলে শিক্ষকতার মোট পদের চার ভাগের এক ভাগই ছিল শূন্য, এখনো অবস্থা তথৈবচ। প্রশ্ন হলো, এ ধরনের অঙ্গীকার কেন করা হয়? দ্বিতীয়ত, এ ধরনের ব্যর্থতার দায়ভার কার?
অধ্যক্ষ সম্মেলনে ২১২টি কলেজে শিক্ষক-সংকট রয়েছে বলে লিখিতভাবে জানিয়েছেন ওই সব কলেজের অধ্যক্ষরা। সোমবারের প্রথম আলোর প্রতিবেদন জানায়, ঢাকার বাইরেই এই সংকট বেশি। অন্যদিকে ঢাকার বড় বড় কলেজে পদের বাইরেও অতিরিক্ত শিক্ষক কাজ করছেন। অন্যত্র বদলি হলেও তাঁরা ঢাকার কোনো না কোনো কলেজে অতিরিক্ত সংযুক্তির নামে তা মানছেন না। শিক্ষামন্ত্রী স্বয়ং তাঁদের বিরুদ্ধে বলেছেন, কিন্তু কোনো পদক্ষেপ নিয়েছেন কি?
গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত অধ্যক্ষ সম্মেলনের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছিল, সরকারি কলেজে মোট ১৫ হাজার ২৮৯টি অনুমোদিত পদের মধ্যে ৩ হাজার ৭৫৪টি পদই শূন্য। অর্থাৎ, প্রায় ২৫ শতাংশ পদই শূন্য। এসব পদে শিক্ষক নিয়োগ হয়েছে বলে জানা নেই। (প্রথম আলো, ৩০ এপ্রিল, ২০১৬)। মাউশির তথ্যমতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ১৩: ১, ক্ষেত্রবিশেষে আরও কম, সেখানে কলেজ পর্যায়ে ১০০: ১, ক্ষেত্রবিশেষে আরও বেশি। অথচ দেশে বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ বেকারত্বের গ্লানির মধ্যে দিনাতিপাত করছেন।
অবস্থা দেখে তাই প্রশ্ন জাগা স্বাভাবিক, শিক্ষা ক্ষেত্রে কি উন্নয়নের প্রয়োজন নেই? শিক্ষার মানের সার্বিক অবনতির পেছনের অন্যতম কারণ হচ্ছে শিক্ষক-সংকট। জেনেশুনেও এর বিহিত করার কোনো উদ্যোগ নেই, বরং আছে ফাঁকা প্রতিশ্রুতি। এটা তো শিক্ষার এই দুরবস্থাকেই পরিহাস করার শামিল।
মানসম্মত শিক্ষার বিস্তার ছাড়া দেশের উন্নতির চিন্তা করা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার উন্নয়নের বিষয়টিকে জরুরি মানতে হবে। শিক্ষক–সংকটের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।