নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) প্রথম অন্যায়টি করলেন। গত মঙ্গলবার বেলাব উপজেলার একটি উচ্চবিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর এক দিন পর দ্বিতীয়বার অন্যায় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি নির্যাতিত শিক্ষকসহ চারজনের ওপর মানসিক চাপ সৃষ্টি করে লিখিয়ে নেন যে প্রথম আলোসহ অন্য কয়েকটি পত্রিকায় প্রকাশিত শিক্ষক নির্যাতনের খবরটি নাকি ছিল অসত্য ও ভিত্তিহীন। একটি সত্য ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ডিসির পক্ষে ওকালতি করতে গিয়ে ইউএনও প্রশাসনের স্বেচ্ছাচারিতার চিত্রটিই তুলে ধরলেন।কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের মারলে সেটা বেআইনি কাজ বলে বিবেচিত হয়। তা হলে ডিসি সাহেব কোন আইনে শিক্ষককে মারেন? পরে অবশ্য তিনি নাকি ভুল বুঝতে পেরে শিক্ষককে আদর করে যান। কিন্তু ডিসি সাহেব যদি ঘটনার জন্য অনুতপ্ত হয়ে থাকেন, তা হলে আবার ইউএনও সাহেব কেন অপতৎপরতা চালালেন?বিদ্যালয়ে ছেলেরা খেলাধুলা করলেও মেয়েদের খেলাধুলা কম হয়, এ কথা জানতে পেরে ডিসি অসন্তুষ্ট হন। এ জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে কারণ জানতে চাইলে শিক্ষক বলেন, একদিকে খেলাধুলার উপকরণ কম আর অন্যদিকে গ্রামের পরিবেশে মেয়েদের বাইরে নিয়ে খেলানো সম্ভব হয় না। শিক্ষকের এ ব্যাখ্যাটি যে ভুল, তাতে সন্দেহ নেই। কিন্তু এ জন্য ডিসি সাহেব কি সবার সামনে শিক্ষককে মারধর করবেন?আমাদের দেশে মেয়েরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, সাইকেল চালানো—সব ধরনের খেলায়ই পারদর্শী। দেশে ও বিদেশে মেয়েরা খেলায় প্রতিযোগিতা করে জয়ের সম্মানও নিয়ে আসছে। তা হলে বেলাবর গ্রামে এর ব্যতিক্রম হবে কেন? শিক্ষকের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, এতে সন্দেহ নেই। যদি গ্রামের পরিবেশ রক্ষণশীলও হয়, তা হলেও শিক্ষকের দায়িত্ব হবে সেই পশ্চাৎপদতা দূর করার জন্য গ্রামে সচেতনতা সৃষ্টি করা। ডিসি সাহেব এ কথাগুলো শিক্ষককে বলতে পারতেন। এ ঘটনায় ডিসি যদি সত্যিই অনুতপ্ত হয়ে থাকেন, তা হলে তাঁর আবার সেই বিদ্যালয়ে যাওয়া উচিত। তিনি সবাইকে ডেকে তাঁর ভুল স্বীকার করলে বিষয়টির একটি নিষ্পত্তি হতে পারে।