বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা যেন রূপকথার কাজলরেখা; তাঁরা অবদান রাখবেন কিন্তু প্রতিদান ঠিকমতো পাবেন না। তাঁদের বেলাতেই সরকার অঙ্গীকার ভুলে বসে। তিন বছর ধরে অবসরে যাওয়া প্রায় ৩৭ হাজার শিক্ষক অবসরসুবিধা পাচ্ছেন না! কেবল শিক্ষকদের প্রশ্নেই সরকারের কোষাগার শুকিয়ে যায় কেন?
২০০৩ সালে অবসরসুবিধা বোর্ড গঠন করা হলেও তা বাস্তবায়নের তহবিল ও লোকবল এখনো পর্যাপ্ত নয়। তার ওপর রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অবহেলা, দুর্নীতি ও দুর্ব্যবহার। এত ভোগান্তির পরও শিক্ষকদের তিন থেকে সাড়ে তিন বছর লেগে যায় পাওনা আদায় করতে। স্বল্পবেতনের একজন শিক্ষকের অবসরে যাওয়া মানে বৃদ্ধ বয়সে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। খাওয়া-পরা ছাড়াও বার্ধক্যজনিত রোগভোগের চিকিৎসা করতে হয়। অনেকে সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার উদ্যোগ নেন কিংবা আয়ের বিকল্প ব্যবস্থা করেন। কিন্তু সরকারি উদাসীনতায় সবই গরল ভেল হতে বসে।
অবসরসুবিধা পেতে শিক্ষকদের চরম ভোগান্তিগতকাল রোববারের প্রথম আলোর সংবাদ থেকে জানা যাচ্ছে, প্রতি মাসে অবসর তহবিলের ঘাটতি প্রায় ৩৯ কোটি টাকা এবং সবার পাওনা পরিশোধে দরকার এক হাজার ৩২২ কোটি ৫৭ লাখ টাকা। প্রশ্ন হচ্ছে, যেখানে শিক্ষকদের বেতনের ৪ শতাংশ প্রতি মাসে জমা হয়ে এসেছে, যেখানে অন্যান্য চাঁদা বাবদও অর্থ আসে, সেখানে এত বড় ঘাটতি হয় কেন? দ্বিতীয়ত, সরকারের উচিত ছিল বাজেটে এই অবসরভাতার জন্য বরাদ্দ রাখা। তৃতীয়ত, তদবির সুপারিশে কান না দিয়ে এবং বিষয়টাকে ঝুলিয়ে না রেখে যতজনকে সম্ভব ততজনের পাওনা দ্রুত পরিশোধ করা।
শিক্ষা ও শিক্ষকের অগ্রাধিকার যত দিন না প্রতিষ্ঠা পাবে, তত দিন শিক্ষার মান এবং শিক্ষকের জীবন অবনতির দিকেই যাবে। অবসরে যাওয়া শিক্ষকেরা আমাদের প্রবীণ প্রজন্মের অংশ। তাঁদের প্রতি সুবিচার না করা সরকারের অন্যায়। সরকার আন্তরিক হলে এর আশু সমাধান সম্ভব।