শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবিরাম কর্মবিরতি যাতে পালন করতে না হয়, সে জন্য সরকারের উচিত হবে অবিলম্বে তাঁদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করা। ১১ জানুয়ারি থেকে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ হলে তাতে শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। গতকাল রোববার থেকেই শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে ক্লাসে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষেকরা গতকালই ধর্মঘট শুরু করে দিয়েছেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আট মাস ধরে বেতনকাঠামোর অসংগতি দূর করার দাবিতে আন্দোলনে রয়েছেন। অথচ তাঁদের দাবিদাওয়ার প্রতি সরকারকে যথাযথ গুরুত্ব দিতে দেখা যায়নি। বেতনকাঠামোয় সৃষ্ট বৈষম্য ও অসংগতি নিরসনের কথা দিয়েও সরকার কথা রাখেনি বলে শিক্ষকনেতারা যে অভিযোগ করেছেন, তা সত্য হলে শিক্ষক কর্মবিরতির দায়ও সরকারকে নিতে হবে।
বেতনকাঠামো ঘোষণার মাস ছয়েক পর সরকার ও শিক্ষকদের মুখোমুখি অবস্থান কোনোভাবেই কাম্য নয়। এ নিয়ে এর আগেও শিক্ষকেরা কর্মসূচি পালন করেছেন। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে তাঁরা আলোচনা করেছেন। শিক্ষকনেতারা কর্মসূচি ঘোষণা করার পরও আশা করছেন, সরকার নির্ধারিত সময়ের আগে তাঁদের দাবিদাওয়া পূরণ করবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক নেতৃত্ব সরকারবিরোধী—এমন দাবি কেউ করবেন না। পেশাগত মর্যাদা রক্ষার কারণেই তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন বলে শিক্ষকনেতারা জানিয়েছেন। তাই তাঁদের কর্মসূচিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে বলে মনে হয় না।
শিক্ষকনেতাদের দাবি, অর্থ মন্ত্রণালয় থেকে এর আগে তাঁরা যে প্রতিশ্রুতি পেয়েছিলেন, তা রক্ষা করা হয়নি, এমনকি তাঁরা প্রতারিত হয়েছেন। তবে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি যাতে উদ্ভব না হয়, সে বিষয়ে শিক্ষকদের সংবেদনশীল হতে হবে।
আমরা সংশ্লিষ্ট মহলের কাছে অধিকতর দায়িত্বশীল আচরণ আশা করি। তবে সরকারের আলোচনাবিমুখতা কোনোভাবেই কাম্য হতে পারে না।