যাঁরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক, জ্ঞানদান যাঁদের ব্রত, তাঁদের কাছে উন্নত আদর্শ ও নৈতিকতাবোধই প্রত্যাশিত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৫২ জন শিক্ষক যা করেছেন, তা পুরোপুরি নৈতিকতাবিবর্জিত। এই শিক্ষকেরা কেবল অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকেননি, বারবার তাগাদা সত্ত্বেও তাঁদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাওনা ৩ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৯৭১ টাকা পরিশোধে ব্যর্থ হয়েছেন।
এ ধরনের ঘটনা এই প্রথম বা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়েই ঘটেনি। প্রতিবছরই বিভিন্ন উচ্চশিক্ষালয়ে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক শিক্ষা ছুটির নামে বিদেশে গিয়ে আর ফেরেন না। যদি নাইবা ফিরবেন, তাহলে ছুটি নেওয়ার সময় কেন তাঁরা সে কথা বলেন না?
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ছুটি শেষ হওয়ার পর ওই ৫২ জন শিক্ষক বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পাওনা অর্থ পরিশোধ করেননি। তাঁদের অনেকেই ছুটি নেওয়ার সময়েই মনস্থির করেন যে আর ফিরবেন না। কিন্তু তাঁদের সেই ইচ্ছাটি গোপন রাখেন বিশ্ববিদ্যালয় থেকে চাকরিকালীন সুযোগ-সুবিধা হাতিয়ে নিতে। এটি কেবল অনৈতিক নয়, বেআইনিও। একজন শিক্ষকের শিক্ষা ছুটি নেওয়ার শর্তই হলো, ছুটি শেষে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবেন। আমরা এ রকম অসাধু ও নৈতিকতাবিবর্জিত শিক্ষক চাই না। আমরা চাই সৎ ও আদর্শ শিক্ষক; যাঁরা কেবল মেধাবী হবেন না, হবেন উন্নত চরিত্রের মানুষও।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকদের নাম-ঠিকানা ওয়েবসাইটে দিয়েছেন। এতেও তাঁদের বোধোদয় না হলে কর্তৃপক্ষের উচিত হবে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া। এর পরও যদি তাঁরা অর্থ পরিশোধ না করেন, তাহলে তাঁরা বর্তমানে বিদেশে যেসব প্রতিষ্ঠানে আছেন, তাদের বিষয়টি অবহিত করা উচিত। তাতে অন্তত এই শিক্ষকেরা কিছুটা হলেও লজ্জিত হবেন। আমরা আশা করব, সে ধরনের লজ্জাজনক অবস্থায় পড়ার আগেই তাঁরা পাওনা অর্থ পরিশোধ করবেন।