শিক্ষকদের বাসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে যে নাজুক ও অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে, সেটা পরিষ্কার। তা না হলে শিক্ষকদের বাসে এ ধরনের হামলার ঘটনা ঘটার কথা নয়। বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকদের বাসে ককটেল ও পাথর নিক্ষেপের ঘটনায় ১২ শিক্ষকসহ আহত হয়েছেন ১৪ জন। আমরা শিক্ষকদের বাসে এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানাই।
এই হামলার ঘটনা যখন ঘটে তখন বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের ব্যানারে ধর্মঘট চলছিল। ‘বন্ধ হল খুলে দেওয়া ও বৈধ ছাত্রদের তুলে দেওয়ার দাবি’ যদি ধর্মঘটের মূল উদ্দেশ্য হয়ে থাকে, তবে তো শিক্ষকদের বাসে এমন হামলার ঘটনা ঘটতে পারে না। বোঝা যায়, সুযোগসন্ধানী একটি গোষ্ঠী এই জঘন্য কাজ করেছে। ছাত্রলীগ ও পুলিশের পক্ষ থেকে এ ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করা হয়েছে। ছাত্রলীগের বক্তব্য হচ্ছে, সাধারণ ছাত্রদের নামে যে ধর্মঘট চলছে, তা আসলে শিবিরের ধর্মঘট, তারাই এই হামলা চালিয়েছে। অন্যদিকে শিবির বলছে, ধর্মঘটে তাদের সমর্থন থাকলেও তারা ধর্মঘটের ডাক দেয়নি। তাদের পাল্টা অভিযোগ হচ্ছে, ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বের কারণেই হামলা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হামলা, আহত ১৪হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও শাস্তির মুখোমুখি করতে পারলেই সব পরিষ্কার হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই দায়িত্ব পালন করতে হবে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হামলার প্রতিবাদে শনিবার থেকে এক ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন। ১০-১৫ জনের একটি দল এই হামলার ঘটনায় জড়িত ছিল বলে জানা গেছে এবং তারা প্রকাশ্যে এই হামলা চালিয়েছে। ফলে হামলাকারীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা নয়। আমরা আশা করব, হামলাকারীরা অবিলম্বে চিহ্নিত হবে এবং সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।