শিক্ষকদের বিবেকের দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরও যে নির্বাচনী বিতর্ক শেষ হয়নি, তার প্রমাণ ৫০ শিক্ষকের যৌথ বিবৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (প্রক্টরিয়াল বডি) অন্যায়ভাবে আটজন শিক্ষকের শাস্তি দাবি করার প্রতিবাদে এই বিবৃতি। যাঁরা শিক্ষকদের শাস্তি দাবি করেছেন, তাঁরাও শিক্ষক। এর মাধ্যমে প্রাধ্যক্ষ পরিষদ কার্যত ওই আট শিক্ষকের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, যা গণতান্ত্রিক রীতি ও মূল্যবোধের পরিপন্থী। সুনির্দিষ্টভাবে তাঁরা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেননি। শিক্ষকেরা হলেন সমাজের বিবেক। তাঁদের কোনো অবস্থায়ই নিজেদের কর্তব্য ও দায়িত্ববোধ ভুলে যাওয়া উচিত নয়।

যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আপত্তি ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে আটজন শিক্ষক সেই অনিয়ম ও কারচুপির কথা বলে কোনো অন্যায় করেননি। বরং বিবেকের কাছে দায়বদ্ধ এই শিক্ষকেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতনোন্মুখ ভাবমূর্তি কিছুটা হলেও ধরে রাখতে সচেষ্ট হয়েছেন। নির্বাচনের দিন বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলে কী ঘটেছে, বিভিন্ন সংবাদমাধ্যমের কল্যাণে দেশবাসী তা দেখেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা প্রাধ্যক্ষ পরিষদ শত চেষ্টা করেও তা ঢেকে রাখতে পারেনি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা প্রাধ্যক্ষ পরিষদ এমন কিছু করবে না, যাতে পরিস্থিতি আরও নাজুক হয়।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে ভিপি পদে জয়ী নুরুল হক ও তাঁর সহযোগীরা শপথ নিয়েছেন এবং শিক্ষার্থীরা কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন বলে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভেবে থাকে যে নির্বাচনসংক্রান্ত সব সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে তারা ভুল করবে। অনিয়মের অভিযোগগুলোর সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হবে না আশা করি।

ডাকসু নির্বাচনের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে। ডাকসুর নবনির্বাচিত সভাপতিও দায়িত্ব নেওয়ার পর অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, চাকসু নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এ ঘোষণাকে স্বাগত জানাই।

তবে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু ও অবাধ। ডাকসু ও হল সংসদ নির্বাচনে যেসব অঘটন ও অনিয়ম হয়েছে, অন্য কোথাও তার পুনরাবৃত্তি কাম্য নয়। সব ছাত্রসংগঠন ও প্রার্থী যাতে অবাধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়াটি ত্রুটিমুক্ত ও ভয়ভীতিমুক্ত পরিবেশে হবে—সংশ্লিষ্ট ব্যক্তিদের সেই নিশ্চয়তা দিতে হবে। সরকারের নীতিনির্ধারকেরা স্কুলপর্যায়ে স্টুডেন্ট কেবিনেট গঠনের কৃতিত্ব দাবি করেন। এর মাধ্যমে নাকি তরুণদের মধ্যে গণতন্ত্র তথা নেতৃত্ব গঠনের অনুশীলন হচ্ছে। স্কুলপর্যায়ে সরকার ছাত্রনেতৃত্ব তৈরি করার বিষয়ে এত উদ্‌গ্রীব হলে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয় কেন? কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে প্রায় তিন দশক ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা পূর্বাপর সরকারের অগণতান্ত্রিক মানসিকতারই লক্ষণ। নানা বিচ্যুতি ও দুর্বলতা সত্ত্বেও ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতন্ত্রচর্চার যে ধারা শুরু হয়েছে, তা সারা দেশেই ছড়িয়ে দিতে হবে। জাতীয় পর্যায়ে যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হলে দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের যে বিকল্প নেই, এই সহজ সত্যটি সরকারকে উপলব্ধি করতে হবে।

ডাকসুর ভুলের পুনরাবৃত্তি নয়, বরং এই নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন হোক সুষ্ঠু, ত্রুটিমুক্ত ও শান্তিপূর্ণ।