প্রধান শিক্ষক তাঁর চেয়ারে বসেননি, নিজের আসনটি তিনি ঢেকে দিয়েছেন কালো কাপড়ে। এটা তাঁর ‘গেজেটেড পদমর্যাদা বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদ’। কিন্তু এই প্রতিবাদ তাঁকে নিজের দায়িত্ব পালন থেকে দূরে সরিয়ে নেয়নি। কালো কাপড়ে ঢাকা নিজের চেয়ারের পাশেই অন্য একটি চেয়ারে বসে তিনি দায়িত্ব পালন করেছেন।
ছবিসহ এ রকম ব্যতিক্রমী খবর ছাপা হয়েছে গতকালের প্রথম আলোর প্রথম পাতায়। ঢাকার হাজারীবাগ, লালবাগ, গেন্ডারিয়াসহ কিছু এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের এমন প্রতিবাদের খবর সংবাদ শিরোনাম হওয়ার বিষয়ই বটে। আবার একই সঙ্গে উদ্বেগও জাগে এই ভেবে যে অষ্টম বেতন স্কেলে পদমর্যাদা নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনসহ বিভিন্ন দাবিতে সারা দেশের প্রায় ৬৩ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌনে চার লাখ শিক্ষকের চলমান আন্দোলন যদি আরও কঠোর রূপ ধারণ করে, তাহলে শিক্ষার্থীরা বড় ক্ষতির শিকার হবে।
চেয়ার কালো কাপড়ে ঢেকে কর্মবিরতিপ্রাথমিক শিক্ষার্থীরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ, শ্রেণিকক্ষে যাঁরা পাঠদান করেন, সেই সহকারী শিক্ষকেরা গত মাসের মাঝামাঝি সময় থেকে কখনো কয়েক ঘণ্টা, কখনো অর্ধদিবস কর্মবিরতি পালন করে আসছেন। শিগগিরই তাঁদের দাবি মানা না হলে তাঁরা লাগাতার কর্মবিরতি শুরু করতে পারেন।
শুধু প্রাথমিক স্তরেই নয়, বিশ্ববিদ্যালয় পর্যায়েও একই ইস্যুতে শিক্ষকদের আন্দোলন চলছে। সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রী ক্লাস ও ভর্তি পরীক্ষাগুলো চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু আন্দোলন অব্যাহত থাকলে সবকিছুতেই বিঘ্ন ঘটা স্বাভাবিক। শিক্ষামন্ত্রী বলেছেন, সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছে।
প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের আন্দোলন যত দীর্ঘায়িত হবে, দেশের শিক্ষার্থীদের ক্ষতির মাত্রা ততই বেড়ে যাবে। শিক্ষকেরা দিনের পর দিন আন্দোলন করে চলবেন, ক্রমেই কঠোরতর কর্মসূচি নেবেন, আর সরকার নির্বিকার থেকে যাবে—এই অবস্থা আর চলতে পারে না। শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে অর্থবহ সংলাপ করলে ভালো হয়। আলাপ-আলোচনার মাধ্যমে অবিলম্বে এই আন্দোলনের অবসান ঘটানো হোক।