শিক্ষণীয় হতে পারে পাকিস্তানের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১১ মে পাকিস্তানের পরবর্তী জাতীয় সংসদ এবং প্রাদেশিক সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রে এবং চারটি প্রদেশেই প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের কার্যপরিধি দেশটির সংবিধানেই নির্ধারিত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক দায়িত্ব নির্বাচন কমিশনকে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সর্বতোভাবে সহযোগিতা করা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মাধ্যমে রাষ্ট্রের দৈনন্দিন কার্য সম্পাদন করা। তত্ত্বাবধায়ক সরকার এমন কোনো কর্মের সিদ্ধান্ত নেবে না, যার জের পরবর্তী সরকারকেও টানতে হবে। সে কারণে মাত্র কয়েক দিন আগে পাকিস্তানের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, এই সরকার জেনারেল মোশাররফকে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করবে না। উল্লেখ্য, জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানে প্রত্যাবর্তনের পর থেকে আদালতের সঙ্গে পূর্বতন বিবাদের জের হিসেবে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েছেন। আগামী নির্বাচনে প্রতিযোগিতা করতে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। যা-ই হোক, বিচারপতিদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতি ফখরুদ্দিন ইব্রাহিম। তিনি সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি ছিলেন। তাঁর পূর্বসূরি বিচারপতি কুরবান আলভি পদ থেকে সরে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করলে বিচারপতি ফখরুদ্দিনকে নিয়োগ দেয় পূর্বতন সরকার। এই নিয়োগে অন্য কোনো দল থেকে তেমন আপত্তি ওঠেনি। বাকি চার সদস্য পাকিস্তানের চার প্রাদেশিক উচ্চ আদালতের বিচারপতিরা। কমিশনের নিয়োগ দেওয়া হয় সংবিধানে বর্ণিত ধারায় রাষ্ট্রপতি দ্বারা। এ পর্যন্ত পাকিস্তানের নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে বা নিয়োগের পর রাজনৈতিক দলের পক্ষ থেকে তেমন বিরোধিতা কখনোই হয়নি; যেমনটা আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। অবশ্য বাংলাদেশের নির্বাচন কমিশন অতীতে বহু ক্ষেত্রে দলীয় প্রভাবে প্রভাবিত হয়েছে। সে কারণেই এই অবিশ্বাস, বিশেষ করে ১৯৯৪ সালে মাগুরা উপনির্বাচনের পর থেকে। ২০০৬-০৭ সালে সে অবিশ্বাস চরমে ওঠে। শেষ পর্যন্ত জরুরি অবস্থার সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছিল। ২০০৭-২০১২ পর্যন্ত নির্বাচন কমিশন বিভিন্ন সংস্কার এবং অপেক্ষাকৃত কম বিতর্কিত জাতীয় ও স্থানীয় নির্বাচনের মাধ্যমে আস্থার পরিবেশ তৈরি করলেও স্বচ্ছ নিয়োগ-পদ্ধতির অভাবে বর্তমান নির্বাচন কমিশন এখনো বিরোধী দলের অ-আস্থাভাজন। অথচ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে নির্বাচন কমিশনের বর্তমান নিয়োগ-পদ্ধতি প্রায় অভিন্ন; রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত।আগামী জাতীয় ও প্রাদেশিক সংসদ নির্বাচনের প্রস্তুতি পাকিস্তানের নির্বাচন কমিশন প্রায় দুই বছর ধরে নিয়েছে। আগামী ১১ মের নির্বাচনে নির্বাচন কমিশন নিজেদের কর্তৃত্বকে আরও শক্তিশালী করতে বেশ কিছু নতুনত্বের জোগান দিয়েছে।পাকিস্তান নির্বাচন কমিশন নির্বাচন-প্রক্রিয়া সংস্কারে যেসব পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে অনেক বিষয় ২০০৭-০৮ সালে আমাদের নির্বাচন-প্রক্রিয়া সংস্কারের উপাত্ত ছিল এবং পরবর্তী সময়ে আইনের বিধিতে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ বাংলাদেশের বিদায়ী কমিশন করেছিল। কিন্তু ওই সব সুপারিশ এখনো দিনের আলো দেখেনি এবং অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বর্তমান কমিশনে বাদ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে তথ্য প্রকাশিত হয়েছে।পাকিস্তানে প্রথমবারের মতো প্রায় সাড়ে আট কোটি ভোটার ছবিসহ ভোটার তালিকা এবং বায়োমেট্রিকসের সাহায্যে ভোট প্রয়োগ করবেন। আমরা ছবিসহ ভোটার তালিকা প্রায় চার বছর আগে সম্পন্ন করলেও বায়োমেট্রিকসের কাজটি শেষ করতে পারিনি, যদিও বিশ্বব্যাংকের প্রকল্প আমাদের (পূর্বতন কমিশন) অনুমোদন পেলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরু করতে পারেনি। বায়োমেট্রিকসের মাধ্যমে হাতের আঙুলের ছাপ অবশ্যই একজন ভোটারকে পরবর্তী সময়ে শনাক্ত করা সহজ হবে। জাল ভোট দেওয়ার অথবা ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভরার শঙ্কা দূর হবে। বায়োমেট্রিকসের সহায়তায় নির্বাচন ট্রাইব্যুনালের পক্ষে জাল ভোট শনাক্ত করা সহজতর হবে।পাকিস্তানে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করলেও ছবি ও বায়োমেট্রিকস সংযুক্ত করেছে ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদরা)। এই সংস্থা পাকিস্তানের জনসংখ্যার নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করে থাকে। এই সংস্থার কাছেই রয়েছে পূর্ণ জনসংখ্যার বিস্তারিত তথ্য। এখানে স্মরণ করতে চাই, এই দুটি কাজই আমাদের নির্বাচন-প্রক্রিয়া সংস্কারের মাধ্যমে কমিশনের আওতাতেই রাখা হয়েছে। ওই ব্যবস্থা এখনো অপরিবর্তিত। বাংলাদেশে নির্বাচন কমিশন শুধু ভোটারদের জাতীয় তথ্যভান্ডার সংরক্ষণ করছে এবং জাতীয় পরিচয়পত্রও শুধু ভোটারদের প্রদান করা হচ্ছে।পাকিস্তানের নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার প্রয়াসে নির্বাচনী আইন, বিধিমালা ও আচরণবিধিতে ব্যাপক পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো প্রার্থীদের ব্যক্তিগত সম্পদ, বিদেশ ভ্রমণ, শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের যাবতীয় তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। বিগত সংসদ ও সিনেটের মোট ১১ জনের শিক্ষাসনদ জাল প্রমাণিত হওয়ায় তাঁদের শুধু নির্বাচনে অযোগ্যই ঘোষণা করা হয়নি, বিগত সংসদ ও সিনেটে থাকাকালীন প্রদেয় সুবিধাদি এবং প্রাপ্ত পারিতোষিক সরকারি খাতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। নতুন আচরণবিধি ২০১৩ প্রণয়নে প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতিদিনকার নির্বাচনী প্রচারণায় অর্থ ব্যয় থেকে শুরু করে আচরণবিধি ইত্যাদির ওপর নজর রাখার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের হাত শক্তিশালী করতে ভারতের মতো পাকিস্তানের প্রতিটি মন্ত্রণালয়ের ওপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব রাখা হয়েছে। উচ্চতর থেকে নিম্নতম পদের কর্মকর্তা-কর্মচারী, যাঁরাই নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবেন, তাঁদের অসদাচরণের শাস্তি প্রদানের ক্ষমতাও কমিশনের ওপর ন্যস্ত। এ ক্ষমতার মাধ্যমে বর্তমানে পাকিস্তানের নির্বাচন কমিশন কার্যত তত্ত্বাবধায়ক সরকারের চেয়েও বেশি ক্ষমতার অধিকারী।এসব পরিবর্তন ছাড়াও নির্বাচনী প্রচারণার সময় প্রার্থী ও দলের আচরণ নিরীক্ষণের জন্য ভিডিও ক্যামেরাসহ অন্যান্য আধুনিক উপকরণ ব্যবহার করা হচ্ছে।পাকিস্তানের আগামী নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনে সর্বেসর্বার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাতে কেন্দ্রীয় ও প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা গৌণ বলে মনে করা হয়। শুধু পাকিস্তানেই নয়, উপমহাদেশের অন্যান্য দেশে নির্বাচন কমিশনই নির্বাচনে নিয়ামক ভূমিকা পালন করে থাকে। নির্বাচনের বছরে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের ভূমিকা পর্যবেক্ষণ থেকে অর্থায়ন পর্যন্ত নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ থাকে।বাংলাদেশেও অভিজ্ঞতার আলোকে বিগত কমিশন কর্তৃক নির্বাচন কমিশনকে আরও ক্ষমতায়নের জন্য অধিকতর সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। তথ্যমতে, ওই সব প্রস্তাবের বহু বিষয় কাটছাঁট করা হয়েছে, যা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রয়াসকে ব্যাহত করবে। সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বললেও অদ্যাবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি। আগামী নির্বাচন কী ধরনের সরকার পরিচালনা করবে, তা নিয়ে রাজনৈতিক বিবাদ থাকলেও নির্বাচন কমিশনকেই দশম জাতীয় সংসদ নির্বাচনে জোরালো ভূমিকা রাখার উদ্দেশ্য সামনে রেখে আইন ও বিধিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। নির্বাচন কমিশন উদ্যোগ না নিলে এ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট সময় নেই। পাকিস্তানে আসন্ন নির্বাচনী প্রস্তুতির উল্লিখিত প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী নির্বাচনের প্রশ্নে আমাদের দেশের রাজনৈতিক বিভাজন, সংকটময় পরিস্থিতি ও সামাজিক অস্থিরতার মাঝে কতখানি প্রস্তুতির প্রয়োজন, তার কিছুটা তুলনামূলক ধারণা পাওয়া যায়।পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি বিগত এক দশক ধরেই ভালো নয়। আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী অভিযান, স্থানীয় তালেবানদের তৎপরতা, শিয়া-সুন্নি ও বিভিন্ন গোত্র ও গোষ্ঠীর মধ্যে বিদ্যমান বিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যে শুরু হয়েছে নির্বাচনকে ঘিরে হানাহানি। এত কিছুর মধ্যেও তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। রাজনৈতিক দলগুলোও সহায়তা প্রসারিত করেছে। পাকিস্তানের আগামী নির্বাচন কেমন হবে, তা দেখার অপেক্ষায় থাকবে বিশ্ববাসী, বিশেষ করে বাংলাদেশসহ উপমহাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকেরা। আমি মনে করি, আমাদের দেশের জনগণের পর্যবেক্ষণে থাকবে পাকিস্তানের নির্বাচন। কারণ, আমাদের দেশের রাজনৈতিক সংকটের প্রধান উপাত্ত হচ্ছে কোন ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে এবং আমাদের প্রস্তুতিই বা কতখানি। এসব কারণেই পাকিস্তানের নির্বাচন হতে পারে আমাদের দেশের রাজনীতিবিদ ও নির্বাচন কমিশনের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত।এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার, কলাম লেখক।[email protected]