আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ কার দেশ হিসেবে পরিচিত হবে? রবীন্দ্রনাথের বাংলাদেশ? বঙ্গবন্ধুর বাংলাদেশ? নজরুল-জীবনানন্দ ও লালনের বাংলাদেশ? নাকি নাফিসের বাংলাদেশ, যিনি কিনা মার্কিন ফেডারেল রিজার্ভ ভবন ধ্বংস করে দেওয়ার অভিযোগে এফবিআই কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। যে ‘স্টিং অপারেশন’-এর ফাঁদে ফেলে নাফিসকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গোয়েন্দা-কৌশল নিয়ে বিশ্বজুড়ে রয়েছে নানা সমালোচনা। তা সত্ত্বেও রেজওয়ানুল আহসান নাফিসের ফেডারেল রিজার্ভ ভবন ধ্বংসের চেষ্টা এবং এফবিআই কর্তৃক তাঁর গ্রেপ্তার বাঙালিদের মধ্যে অনেক শঙ্কা তৈরি করেছে। এক. নানা কারণে আফগানিস্তান, পাকিস্তানসহ কিছু দেশ আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। উন্নত গণতান্ত্রিক বিশ্বের দেশগুলো ওই সব রাষ্ট্রের নাগরিকদের সন্দেহের চোখে দেখে। উন্নত বিশ্বের দেশগুলো কি এখন বাঙালিদের দিকেও একই দৃষ্টিতে তাকাবে? দুই. বাঙালি শিক্ষার্থীদের মধ্যে মানসম্পন্ন উচ্চশিক্ষার ব্যাপারে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফলে প্রতিবছর অনেক শিক্ষার্থী উন্নত বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন থেকে কোনো বাধা বা সংকোচন নীতির শিকার হবেন কি? তিন. ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা বা অন্য কারণে বাংলাদেশের নাগরিকেরা যখন এক দেশ থেকে অন্য দেশে যাবেন, তাঁরা অধিকতর নিরাপত্তা তল্লাশি ও হয়রানির শিকার হবেন কি? শেষ পর্যন্ত আদালতের রায় নাফিসের পক্ষে যাক, কিংবা বিপক্ষে যাক, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হলো, তা মুছে যেতে সময় লাগবে। ইতিমধ্যেই এ ঘটনার নেতিবাচক প্রভাব লক্ষ করা যাচ্ছে। আমার কয়েকজন বন্ধু, যাঁরা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন, তাঁরা জানিয়েছেন যে মার্কিন ফেডারেল ভবন ধ্বংসের অভিযোগে নাফিস গ্রেপ্তার হওয়ার পর আন্তর্জাতিক সংস্থা ও দাতাগোষ্ঠীর প্রতিনিধিদের আচরণে তাঁরা পরিবর্তন লক্ষ করছেন। আগে বাংলাদেশের ব্যাপারে তাঁরা ছিলেন ‘উষ্ণ’, এখন তাঁদের আচরণ অনেক ‘শীতল’ মনে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি, সম্পদ ও নানা স্থাপনাকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য এফবিআই বিভিন্ন ধরনের গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এর মধ্যে ভিন্ন মাত্রার একটি কর্মসূচি হচ্ছে স্টিং অপারেশন, যা নিয়ে সমালোচনা রয়েছে। তবে সমালোচনা যা-ই থাক, ওই ঘটনার ব্যাপারে নাফিস তাঁর দায় এড়াতে পারেন না। গোয়েন্দা ফাঁদ পেতে সক্রিয় মার্কিনবিদ্বেষীকে সন্ত্রাসী বানানোর জন্য এফবিআই যদি সমালোচিত হয়ে থাকে, তা হলে মার্কিন যুক্তরাষ্ট্রে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অপরাধমূলক ইচ্ছা প্রকাশ করে নাফিসও দোষ করেছেন। অপরাধবিজ্ঞানী ও অপরাধ আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তি যদি অপরাধমূলক ইচ্ছা নিয়ে ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কাজ করে, যা দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ, তা হলে ওই কাজকে অপরাধ বলে। এফবিআই নাফিসের ব্যাপারে আদালতে যে প্রাথমিক অভিযোগপত্র দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, নাফিস একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার কথা বলেছেন। এ থেকে তাঁর অপরাধমূলক ইচ্ছা প্রকাশিত হয়েছে। নাফিস শুধু এখানেই থেমে থাকেননি, ১৭ অক্টোবর সকালে নাফিস ও এফবিআইয়ের ছদ্মবেশী গোয়েন্দা একটি ভ্যানগাড়িতে চড়ে বিস্ফোরকের গুদামে পৌঁছান। গুদামে পৌঁছার পর নাফিস নিজেই এক হাজার পাউন্ড বিস্ফোরক নির্দিষ্ট খোলসের মধ্যে ঢোকান এবং এর সঙ্গে ডেটোনেটর যুক্ত করেন। পরে সেগুলো ভ্যানগাড়িতে তুলে ফেলেন। এরপর গাড়িটি নিয়ে দুজন ফেডারেল রিজার্ভ ব্যাংকের উদ্দেশে রওনা হন। এই যে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অপরাধমূলক ইচ্ছা এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক ধ্বংস করার জন্য বিস্ফোরক সংগ্রহ—এর দায় নাফিস কী করে এড়াবেন? অচেনা একজন লোক এসে যদি আপনাকে বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের ১০০ জন মানুষ খুন করলেই জিহাদ সফল হবে, আপনি কি ১০০ জন মানুষ খুন করবেন? কেউ এসে যদি আপনাকে বলে, মার্কিন ফেডারেল রিজার্ভ ভবন বা স্টক এক্সচেঞ্জ উড়িয়ে দিতে পারলেই যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য, আপনি কি বিস্ফোরক দিয়ে ওই স্থাপনাগুলো ধ্বংস করে দেবেন? আপনি যদি জিহাদের জন্য নির্বিচারে মানুষ খুন করেন, একটি দেশের প্রতি বিদ্বেষের কারণে সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন, তা হলে আমি বলব, শিক্ষাব্যবস্থা, সমাজ ও ধর্ম থেকে আপনি যে শিক্ষা পেয়েছেন, তা ভুল। নাফিসের ক্ষেত্রে সম্ভবত তা-ই ঘটছে। যতই নিষ্ঠুর, কঠিন বা রূঢ় হোক না কেন, নাফিসকে সামনে রেখে আমাদের কিছু প্রশ্ন করতেই হবে। এফবিআইয়ের গোয়েন্দারা যে ফাঁদ পেতেছিল, নাফিস কেন সেই ফাঁদে পা দিতে গেলেন? নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কোন ইতিবাচক অর্জনটা এযাবৎ অর্জিত হয়েছে? এফবিআইয়ের ছদ্মবেশী গোয়েন্দা যখন নাফিসকে সর্বাত্মক সহযোগিতা দিল, তিনি কেন তখন এতে সায় দিলেন, সক্রিয় হয়ে উঠলেন পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য? নাফিস তো বলতে পারতেন, তাঁর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে ক্ষোভ ও বিদ্বেষ রয়েছে, কিন্তু তিনি শান্তিপূর্ণভাবে এবং যুক্তি দিয়ে মার্কিন নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। কিন্তু তিনি তা না করে মার্কিন ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেওয়ার জন্য ছুটলেন। নাফিস কি সহনশীলতা, শান্তিপূর্ণ প্রতিবাদ, যুক্তি দিয়ে কথা বলা, পরমতসহিষ্ণুতা, উদার মানবতাবাদ এবং বহুত্ববাদী সংস্কৃতির প্রতি শ্রদ্ধা করার শিক্ষা পাননি? তা হলে কেন তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ ও যুক্ত দিয়ে কথা না বলে এফবিআইয়ের ফাঁদে পা দিয়ে বেছে নিলেন নাশকতার পথ? আজ আমাদের শিক্ষাব্যবস্থা, সমাজ ও ধর্মকে ব্যবচ্ছেদ করে দেখতে হবে, এসব থেকে আমাদের সন্তানেরা কী শিক্ষা পাচ্ছে। আমাদের শিক্ষাব্যবস্থা, সমাজ ও ধর্ম যদি নাফিসদের মতো অসহিষ্ণু, সাম্প্রদায়িক ও অপরাধপ্রবণ যুবক তৈরি করে, তা হলে বাংলাদেশের জন্য তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিপর্যয়ই ডেকে আনবে। একজন তরুণ বা তরুণী আইন মান্যকারী নাগরিক হবে, সভ্য ও প্রতিশ্রুতিশীল হবে, নাকি দুর্নীতিগ্রস্ত ও অপরাধপ্রবণ হবে, তা নির্ভর করে তার পরিবার, শিক্ষাব্যবস্থা, মূল্যবোধ ও সামগ্রিকভাবে যে সমাজে সে বেড়ে উঠছে তার ওপর। নাফিস এফবিআইয়ের গোয়েন্দা ফাঁদে পড়ে ভয়াবহ এক অপরাধে জড়িয়ে পড়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এফবিআইয়ের ফাঁদে পড়ে বা অন্য কারও সংস্পর্শে এসে কেন নাফিস অপরাধে জড়িয়ে পড়বেন? তা হলে তাঁর মধ্যে অপরাধপ্রবণতা ছিল বা অপরাধের উপাদানগুলো ‘উষ্ণ’ অবস্থায় বিরাজ করছিল? তাঁর মধ্যে ‘মার্কিন বিদ্বেষ’ আছে, যে জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পতন দেখতে চান। আর এ লক্ষ্য অর্জনে একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাতেও তাঁর বিপুল উৎসাহ! দুই, তাঁর নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য নাফিস আল-কায়েদার সহযোগিতা চান। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী’ বিদেশ নীতির যেমন তীব্র সমালোচনা করি, তেমনি আল-কায়েদার সন্ত্রাসী কর্মকাণ্ডকেও অনুমোদন করি না। প্রশ্ন হচ্ছে, শান্তিপূর্ণ ও যুক্তিবাদী প্রতিবাদের ভাষা বাদ দিয়ে নাফিস কেন আল-কায়েদামুখী হলেন? এ পযর্ন্ত যতটা তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে নাফিসের মধ্যে আমি ‘অন্য মতের প্রতি অসহিষ্ণুতা’, ‘উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা’, ‘বহুত্ববাদী সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা’ ও ‘নিজস্ব মত প্রতিষ্ঠার জন্য নাশকতামূলক কর্মকাণ্ডের প্রবণতা’ লক্ষ করেছি। প্রশ্ন হচ্ছে, নাফিস কি বিচ্ছিন্ন এক বাঙালি তরুণ? শেখ হাফিজুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ও অপরাধবিজ্ঞান গবেষক।[email protected]