শিক্ষাঙ্গনে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ফলে দেশের শিক্ষাঙ্গনে যে অস্থিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য সন্দেহাতীতভাবে ক্ষতিকর। এই অচলাবস্থা ও অস্থিরতা যত দীর্ঘায়িত হবে, ক্ষতির মাত্রা ততই বাড়বে। কিন্তু দুঃখের বিষয়, এই পরিস্থিতি থেকে বেরিয়ে শিক্ষাঙ্গনগুলোতে আবার শিক্ষার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার কার্যকর কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে রাজপথে নেমেছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মূসক শিক্ষার্থীদের ওপর আরোপ করা হয়নি, তা পরিশোধ করতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে। তারপরেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরছেন না; তাঁরা মূসক প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন। তাঁদের আন্দোলন শুধু রাজধানীতে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামেও। ফলে একদিকে তাঁদের পড়াশোনা বন্ধ, অন্যদিকে রাস্তাঘাটে জনগণের সীমাহীন দুর্ভোগ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করার পর থেকে গ্রেড-বৈষম্যের অভিযোগে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের যে আন্দোলন চলছে, তা আরও বিস্তৃত ও দীর্ঘ হওয়ার আশঙ্কা বাস্তব রূপ নিয়েছে। সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকেরা ইতিমধ্যে কর্মবিরতি শুরু করেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরাও আন্দোলনের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সরকারি শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত অস্থিরতা দেখা দিয়েছে। এটা গভীর উদ্বেগের বিষয়।
সরকারি ও বেসরকারি উভয় খাতের শিক্ষাঙ্গনগুলোতে এই অস্থিরতা আর চলতে দেওয়া যায় না। কারণ, এর ফলে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো শিক্ষাব্যবস্থা।
আমরা চাই এই অস্থিরতা ও অচলাবস্থার দ্রুত শান্তিপূর্ণ সমাধান হোক। এ জন্য সব পক্ষের সঙ্গে আলাপ–আলোচনার মাধ্যমে সমাধানের কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ইতিবাচক মানসিকতা দেখানোর জন্য আন্দোলনরত শিক্ষক–শিক্ষার্থীদের প্রতিও আমাদের আহ্বান রইল।