শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না-খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এতে শিক্ষার অপূরণীয় ক্ষতি হয়েছে। বিকল্প পদ্ধতি হিসেবে টেলিভিশন, রেডিও, অনলাইন ও মোবাইলে পাঠদান চালু থাকলেও খুব বেশি কার্যকর হয়নি। শিক্ষার্থীদের অর্ধেকই এ পাঠদান প্রক্রিয়ার বাইরে ছিল। এমনকি প্রত্যন্ত অঞ্চলের বহু শিক্ষাপ্রতিষ্ঠান অবকাঠামোগত দুর্বলতার কারণে এ প্রক্রিয়ায় যুক্তই হতে পারেনি।

শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছেন শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাই। অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়টি সংবাদমাধ্যমেও এসেছে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে। একই সঙ্গে বকেয়া থাকা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের ভাবনাও আছে তাদের। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা সচিবের মতে, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি বিকল্প প্রস্তাব করা হয়েছিল। তাদের চিন্তা হলো সেপ্টেম্বরে খোলা সম্ভব হলে ৭০ দিনের মতো পাঠদানের সময় পাওয়া যাবে। আর অক্টোবরে সম্ভব হলে ৫০ দিন এবং নভেম্বর হলে ৩০ দিন। সে ক্ষেত্রে সময়ের নিরিখে পাঠ্যক্রম সংক্ষিপ্ত করে বার্ষিক পরীক্ষা নেওয়া। মাধ্যমিক স্তরের শিক্ষার ক্ষেত্রেও অনুরূপ চিন্তাভাবনা আছে শিক্ষা মন্ত্রণালয়ের। অন্যদিকে অনুকূল পরিবেশ তৈরি হলে ১৫ দিনের প্রস্তুতি নিয়ে তারা এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এখানে দেখার বিষয় হলো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে কি না। যে করোনার প্রাদুর্ভাবের জন্য পাঁচ-ছয় মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে, সেটি দূর হয়েছে কি না। শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তথা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। বিশেষ করে শিশু-কিশোর শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা যাবে না।

করোনাকালে যেসব দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, সেসব দেশের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে পারি। ভিয়েতনাম ও থাইল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর কোনো সমস্যা হয়নি। সেখানে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ঠিকমতো চলছে। কিন্তু দক্ষিণ কোরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্যসেবাব্যবস্থা আমাদের চেয়ে অনেক উন্নত।

তাই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে। শিক্ষাবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সে রকম মত দিয়েছেন। সপ্তাহখানেক পরই সেপ্টেম্বর মাস শুরু হবে। এ সময়ে পরিস্থিতির নাটকীয় উন্নতির সম্ভাবনা কম। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনায় মৃত ও আক্রান্তের যে হিসাব দেওয়া হচ্ছে, তাতে আশার আলো দেখা যাচ্ছে না।

করোনাকালে শিক্ষা মন্ত্রণালয় সংক্ষিপ্ত পাঠ্যক্রমে পরীক্ষা নেওয়ার যে চিন্তাভাবনা করছে, সেটি যৌক্তিক বলেই মনে করি। অনুকূল পরিবেশ তৈরি হলেই কেবল বার্ষিক মূল্যায়ন বা পরীক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাবলিক পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি আছে বলে মনে করি না। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিল করার সুপারিশ পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

আমরা এর আগেও এই সম্পাদকীয় স্তম্ভে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বাতিল করার কথা বলেছি। আবারও সেই দাবি পুনর্ব্যক্ত করছি। করোনাকালে এই দুটি পাবলিক পরীক্ষা অবশ্যই বাতিল করতে হবে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য বিকল্প উপায় খুঁজে বের করা হোক।