শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন আর এখন অবশ্যপালনীয় নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের প্রতিকারের বাস্তবতা এমনই। আইনি নির্দেশনা থাকার পরও শিক্ষা ও কর্মপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধে অভিযোগকেন্দ্র এবং কমিটি গঠন উপেক্ষিত। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়েই এই অবস্থা। নয়টি প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়ে এই কমিটি হয় অস্তিত্বহীন অথবা কার্যকারিতাহীন। বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে যখন একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটছে, তখন আদালতের নির্দেশ বাস্তবায়নে কর্তৃপক্ষের নির্বিকারত্ব যেমন নিন্দনীয়, তেমনি আদালতের প্রতি অবমাননাও।

১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা ও অভিযোগকেন্দ্র গঠনের দাবি জনপ্রিয়তা পায়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এ দাবি জয়ী হওয়ার পর অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এমন দাবি ওঠে। ২০০৯ সালে উচ্চ আদালতও সব বিশ্ববিদ্যালয়ে অভিযোগকেন্দ্র ও প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেন। এই নির্দেশ বাস্তবায়নের তদারকির দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। কিন্তু পাঁচ বছর গত হলেও ইউজিসি জানাচ্ছে, ৩৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২৮টিতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৯টির মধ্যে ৩৪টিতে অভিযোগ কমিটি রয়েছে। কার্যত এসব নামমাত্র কমিটি শিক্ষার্থী ও নারী শিক্ষকদের সহায়তায় কোনো ভূমিকা রাখে না।
শিক্ষকতা বা এ ধরনের যেকোনো ক্ষমতাশালী পেশাকে ব্যবহার করে যৌন হয়রানির প্রতিকারে আক্রান্তদের পক্ষে সব সময় আদালতে যাওয়া সম্ভব হয় না। আবার বিদ্যমান আইনে সব ধরনের যৌন হয়রানিকে অপরাধ হিসেবে চিহ্নিত করায়ও ঘাটতি রয়েছে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও অভিযোগকেন্দ্র গঠনের প্রয়োজন হয়েছিল। যৌন অপরাধের প্রতিকারে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শাস্তি প্রদানের ব্যবস্থা প্রতিষ্ঠানের গণ্ডির মধ্যে নারীর নিরাপত্তাবোধকে শক্তিশালী করে। কিন্তু সেই কমিটি যদি কাজ না করে, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক তাতে যদি কমিটির প্রধানসহ একাধিক নারী সদস্য না থাকেন, তাহলে সকলই গরল ভেল হতে বাধ্য।