শিক্ষাভবনে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র নিয়ে সংঘাত বন্ধ করতে বেশ কয়েক বছর আগে সরকার অনলাইনে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত যে পুরোপুরি কার্যকর করা যায়নি, গত সোমবার শিক্ষাভবনের দরপত্র নিয়ে মারামারির ঘটনাই তার প্রমাণ।
প্রথম আলোর খবর অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (শিক্ষাভবন) প্রায় ১০০ কোটি টাকার দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক দুই পক্ষের মধ্যে রেষারেষি চলছিল। যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওরফে শফিক, স্যার এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও তাঁদের অনুসারীরা শিক্ষাভবনে কাজ করছিলেন। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খানের অনুসারীরা সেখানে কাজ করতে গেলে সংঘাতের সূত্রপাত হয়।
শিক্ষাভবন বা সরকারের যেকোনো উন্নয়নকাজ করানো হয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। সেখানে যিনি সর্বনিম্ন দরপত্রদাতা হবেন, তিনিই কাজ পাবেন। তবে সেখানেও তাঁকে কাজের শর্তাবলি পূরণ করতে হবে। অতএব এ নিয়ে মারামারি-লাঠালাঠির কোনো সুযোগ আছে বলে মনে হয় না। তবে ক্ষমতাসীন দলের এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বরাবর নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবেন এবং গায়ের জোরেই সবকিছু করতে চান। এটি আইনের চোখে অপরাধ হলেও তঁাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির নেই বললেই চলে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাঁদের কেউ দরপত্রবাজির সঙ্গে জড়িত নয় বলে সাফাই গেয়েছেন। কিন্তু শিক্ষাভবনে সংঘর্ষের সঙ্গে জড়িত বলে যঁাদের নাম এসেছে, তাঁরা সবাই ছাত্রলীগ ও যুবলীগেরই নেতা-কর্মী। ছাত্রলীগের নেতা-কর্মীদের তো শিক্ষাঙ্গনে থাকার কথা! তাঁরা কেন শিক্ষাভবনের দরপত্র নিয়ে মারামারি করবেন?
এত দিন ছাত্রলীগের নেতা-কর্মীদের দৌরাত্ম্য শিক্ষাঙ্গনেই সীমিত ছিল। এখন শিক্ষাঙ্গনের বাইরেও তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। এটি ভয়াবহ বিপদের কথা। দরপত্র নিয়ে হাঙ্গামা-জালিয়াতি বন্ধ করতে সরকারের ঘোষণা অনুযায়ী সব সরকারি কাজের দরপত্র অনলাইনে আহ্বানের দাবি জানাই।
শিক্ষাভবনের দরপত্র নিয়ে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।