প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে মতলব উপজেলা শিক্ষা কার্যালয় মায়েদের আড্ডার যে আয়োজন করেছে, তা সাধুবাদ পাওয়ার যোগ্য। এই আড্ডায় উপজেলার দুটি ইউনিয়নের ২৬টি সরকারি বিদ্যালয়ের তিন হাজারেরও বেশি শিক্ষার্থীর মায়েদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে প্রত্যন্ত অঞ্চলের মায়েরাও সন্তানদের শিক্ষা নিয়ে কম উদ্বিগ্ন নন। এ ধরনের আয়োজনে মায়েরা যেমন নিজের কথা মন খুলে বলতে পারেন, তেমনি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের পরামর্শ জেনে নিতে পারেন।
শিশুদের পঠন-পাঠনের দায়িত্বটি যে কেবল বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমিত নয়, এই আয়োজনের মাধ্যমে উপজেলা শিক্ষা কার্যালয় সেটাই প্রমাণ করল। এ ধরনের আড্ডার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। শিক্ষার্থীরা যে সমস্যাগুলো শিক্ষকদের কাছে জানাতে পারে না, মায়েরা সেগুলো জানাতে পারেন। আবার শিক্ষকদের পক্ষ থেকে কোনো সমস্যা থাকলে সেটিও মায়েরা, তথা অভিভাবকেরা জানতে পারেন।
মায়েদের আড্ডা আমরা আশা করব, দেশের সব উপজেলা ও ইউনিয়নে এ ধরনের মায়েদের আড্ডার আয়োজন করা হবে। প্রয়োজনে বাবাদের আড্ডাও হতে পারে। তবে মায়েদের আড্ডার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ এ কারণে যে অনেক সময় বাবারা সন্তানদের সময় দিতে পারেন না বা পড়াশোনার তদারক করাও তাঁদের সম্ভব হয় না। সন্তানের লেখাপড়ার ব্যাপারে মায়েরাই প্রধান ভূমিকা নিয়ে থাকেন।
তবে এ ধরনের আয়োজন আরও ছোট পরিসরে হওয়া উচিত, যেখানে প্রত্যেক মা তাঁর সন্তানের সমস্যা ও সম্ভাবনার কথাগুলো খোলা মনে বলতে পারেন।
শিক্ষার মান উন্নয়নের জন্য আয়োজিত মায়েদের এই আড্ডা ছড়িয়ে পড়ুক সারা দেশে। সব উপজেলা ও ইউনিয়নে আড্ডা বসুক। প্রাথমিক শিক্ষার মান বাড়ুক। প্রাথমিক শিক্ষার ভিত শক্ত না হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষার মানও নিশ্চিত করা যাবে না। হাত দিতে হবে সমস্যার গোড়ায়ই।