শিক্ষার্থীদের কথা শুনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা তিন সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করলেও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বা সরকারের নীতিনির্ধারকদের কেউ তাঁদের সঙ্গে আলোচনার প্রয়োজন বোধ করেননি। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে তাঁরা নিয়মিত সভা-সমাবেশে যাচ্ছেন, কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় পান না। এতে তরুণদের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি পাওয়া যায়।

শহরে চলাচলকারী গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা তাঁদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার কথা সরকারি ও বেসরকারি পরিবহন কর্তৃপক্ষ ঘোষণা করলেও এখন পর্যন্ত পরিপত্র জারি করা হয়নি। কোথায় কোথায় এটি কার্যকর হবে, তা-ও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঢাকার বাইরে বিভিন্ন শহরে শিক্ষার্থীরা হাফ পাসের দাবিতে বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ পাসের দাবিতে আন্দোলন শুরু করেন। এই গণপরিবহনের মধ্যে আছে বাস, মিনিবাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ইত্যাদি। এরপর ঢাকা সিটি করপোরেশনের গাড়িচাপায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী ও সংবাদকর্মী মারা গেলে তাঁদের হাফ পাসের দাবির সঙ্গে নিরাপদ সড়কের দাবি যুক্ত হয়। ২৯ নভেম্বর রাতে রামপুরায় একটি বাস এক এসএসসি পরীক্ষার্থীকে চাপা দিলে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরদার হয়। রামপুরা হয়ে পড়ে তাঁদের আন্দোলনের অন্যতম কেন্দ্র। আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে বিশৃঙ্খলার অবসানে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন কার্যকর করাসহ ৯ দফা দাবি বাস্তবায়নকে সামনে নিয়ে আসেন। ২০১৮ সালের ৩১ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থীর মৃত্যুর পরও শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছিলেন। সে সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার সড়ক পরিবহন আইন পাস করেছিল; যদিও পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনগুলোর বিরোধিতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার শিক্ষার্থীদের দাবিতে যুক্ত হয়েছে নিহত এসএসসি পরীক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। এই দাবিতে ১০ ডিসেম্বর তাঁরা সমাবেশ আহ্বান করেছেন।

যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে থাকার কথা, তাঁরা আজ রাজপথে। এটি দেশ ও জাতির জন্য সম্মানজনক নয়। তাঁরা ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য আন্দোলন করছেন না। আন্দোলন করছেন সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। আন্দোলন করছেন সড়কে চলাচলকারী সব মানুষের নিরাপত্তার দাবিতে। আমরা বুঝতে অপরাগ যে কেন বেসরকারি পরিবহনমালিক ও শ্রমিকেরা সড়ক আইনের বিরোধিতা করছেন? এই আইন কার্যকর হলে কেবল যাত্রীসাধারণ নিরাপদ থাকবেন না, পরিবহনমালিক ও শ্রমিকেরাও নিরাপদ থাকবেন।

সরকারের নীতিনির্ধারকেরা দাবি করেন, তরুণেরাই জাতির ভবিষ্যৎ। তবে সেই তরুণদের ন্যায্য দাবিকে কেন উপেক্ষা করে চলেছেন তাঁরা? কেন তরুণদের বারবার রাজপথে আন্দোলন করতে হবে? আমাদের রাষ্ট্র কি এতই বধির হয়ে গেছে? রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে তরুণদের উপদেশ দেওয়া হয়। কিন্তু সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।

সরকারের প্রতি আমাদের আহ্বান, ১০ ডিসেম্বরের আগেই শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক। হাফ পাসের বিষয়ে পরিপত্র জারি করা হোক। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক; যদিও এটা জানা যে মানুষের জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না।