শিক্ষার্থীদের বাড়িতে শীতবস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

খবরটি ছোট কিন্তু তাৎপর্য বড়। এই করোনাকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে আছে। সরকার অনলাইন কিংবা টেলিভিশনের মাধ্যমে যে পাঠদান কর্মসূচি নিয়েছে, প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষার্থী তার সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে অসচ্ছল পরিবারের শিশুদের পক্ষে বাড়িতে বসে পড়াশোনা চালানো কঠিন। শিক্ষার্থীর বাড়িতে পাঠদানে সহায়তা করতে পারেন, অনেক পরিবারে এ রকম মানুষও নেই। প্রায় ১০ মাস ধরে তারা বাড়িতেই অলস সময় কাটাচ্ছে। এর মধ্যে শীত এসে হানা দেওয়ায় এসব পরিবারের শিশুরা খুবই বিপদে আছে।

এই প্রেক্ষাপটে গাজীপুর জেলার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। প্রথম আলোর শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধির পাঠানো খবরে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শীতবস্ত্র নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে হাজির হয়েছেন। গত বুধবার গাজীপুরের শ্রীপুরের মোলাইদ, তালতলী, দেওচালাসহ বিভিন্ন গ্রামে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করে। শিক্ষকেরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি বয়স্কদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করেছেন। শ্রীপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ বলেন, ‘শীতের আগেই আমরা শিক্ষকেরা সমিতির পক্ষ থেকে এমন একটি মানবিক কাজ করার সিদ্ধান্ত নিই।’ শ্রীপুর প্রাথমিক শিক্ষক সমিতির এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

শ্রীপুর প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে হয়তো এলাকার সব গরিব শিক্ষার্থীর ঘরে শীতবস্ত্র পৌঁছাতে পারবে না। সেই সামর্থ্যও তাদের নেই। কিন্তু শিক্ষক সমিতির এ মহতী উদ্যোগ থেকে অন্যরা উৎসাহিত হতে পারেন। শ্রীপুরে অনেক সরকারি কর্মকর্তা ও বিত্তশালী মানুষ আছেন। শিক্ষার্থী কিংবা তাদের বয়স্ক অভিভাবকদের কাছে শীতবস্ত্র পৌঁছাতে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন হয় না।

কেবল শ্রীপুর নয়, দেশের সব জেলা ও উপজেলার গরিব মানুষ শীতে পর্যুদস্ত। আমরা আশা করব, সব উপজেলায় শিশু ও বয়স্ক মানুষদের সহায়তায় বিত্তবানেরা এগিয়ে আসবেন। কোমলমতি শিশু যাতে শীতে কষ্ট না পায়, সেদিকে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও উদ্যোগী ভূমিকা নিতে হবে। একজন সচ্ছল ব্যক্তি যদি একজন গরিব শিক্ষার্থীকে শীতবস্ত্র দেন, তাহলে দেশের সব সুবিধাবঞ্চিত শীত থেকে সুরক্ষা পাবে আশা করা যায়।