শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ করতে সরকার ২০১০ সালের ৯ আগস্ট একটি পরিপত্র জারি করে। দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা যে অনেকেই তোয়াক্কা করছেন না, তার প্রমাণ আরও একবার পাওয়া গেল রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের হাতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর নির্দয়ভাবে মার খাওয়ার ঘটনায়।
১৩ এপ্রিল একজন শিক্ষক ওই শিক্ষার্থীকে ক্লাস থেকে ডেকে নিয়ে তার কানে ও মাথায় মারেন বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীর কান থেকে রক্ত গড়িয়ে পড়ে। শিক্ষার্থীর সঙ্গে একজন শিক্ষকের এ কেমন আচরণ! যত অন্যায়ই একজন শিক্ষার্থী করুক না কেন, তার শাস্তি এ রকম হতে পারে না।
প্রায় ৫০ জন অভিভাবক ওই শিক্ষকের বিচার চাইতে বিদ্যালয়ে এসেছিলেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ফটকের ভেতরে ঢুকতেই দেয়নি। এতে বোঝা যায়, নির্যাতনকারী শিক্ষকের প্রতি স্কুল কর্তৃপক্ষের প্রশ্রয় রয়েছে।
আরেক শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে গত শুক্রবার ফেনী সদরের একটি মাদ্রাসায়। ওই মাদ্রাসার একজন শিক্ষক এক শিক্ষার্থীকে বেত দিয়ে মেরেছেন, ঘরের সিলিং ফ্যানের হুকে ঝুলিয়ে ক্রিকেট স্টাম্প দিয়ে ইচ্ছেমতো পিটিয়েছেন। ওই শিক্ষার্থী মায়ের সঙ্গে দেখা করার জন্য বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি না মেলায় সে পালানোর চেষ্টা করে। তাতেই মেলে এই ভয়ংকর শাস্তি।
কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের এমন নির্মম আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অবশ্যই বন্ধ করতে হবে। এ ব্যাপারে বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, বাড়িতেও শিশুরা শাসনের নামে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। শিক্ষক-অভিভাবক সবাইকেই নির্যাতন করার মানসিকতা ত্যাগ করতে হবে। সরকারি পরিপত্র যথেষ্ট না হলে আইন প্রণয়নের কথা ভাবতে হবে।