শিক্ষার্থীরা কেন দুর্ভোগ পোহাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দুই শিক্ষকের দ্বন্দ্বের অসহায় শিকারে পরিণত হয়েছে। তৃতীয় বর্ষের একটি কোর্সের (বিষয়) পরীক্ষা দেওয়ার পর ১৩ মাস পার হয়ে গেলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এ কারণে তাদের চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ দেওয়া যাচ্ছে না। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভাগের সব কক্ষে তালা মেরে দেন। পরে অবশ্য প্রক্টোরিয়াল বডির আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।
বিশৃঙ্খলার জন্য দুজন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। একজন সহকারী অধ্যাপক ‘প্রাচীন ভারতীয় সমাজ ও সংস্কৃতি’ কোর্সটি পড়াতেন এবং তিনিই ওই কোর্সের প্রশ্ন করেন। কিন্তু পরে প্রশ্নপত্রে বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে ‘প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতি’। অবাক হওয়ার বিষয় হলো, এই পরিবর্তনে পরীক্ষার্থীরা আপত্তি করেনি। বিষয় অথবা প্রশ্ন যদি ভুল বা সিলেবাসবহির্ভূত হয়েই থাকে, তাহলে পরীক্ষার হলেই তো হইচই হওয়ার কথা। সেটা হলো না কেন? এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। দেখা দরকার ভুলটা কার। মডারেটরের, নাকি প্রথম প্রশ্ন প্রস্তুতকারীর? এ দুজনের মধ্যেই দ্বন্দ্বের অভিযোগ উঠেছে।
এই শিক্ষকেরা কি পড়াবেন, নাকি বিভাগে গোলযোগ সৃষ্টি করবেন? বিভাগের সভাপতির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা উচিত। কারণ, তিনি এক বছর ধরে বিষয়টি কেন ঝুলিয়ে রাখলেন? আজ যদি প্রক্টোরিয়াল বডি বিষয়টির নিষ্পত্তির আশ্বাস দিতে পারে, তাহলে বিভাগের সভাপতি কেন এক বছর আগেই সমাধান দিতে পারলেন না? সংশ্লিষ্ট দুই শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে একটি গ্রহণযোগ্য সমাধানে আসা মোটেও অসম্ভব ছিল না। কারণ, এখন তো সে পথেই সমাধান খোঁজা হচ্ছে।
শিক্ষার্থীরা পড়তে চান, পরীক্ষার ফল দ্রুত প্রকাশের ব্যবস্থা চান, আর শিক্ষকেরা নিজেদের মধ্যে দলাদলি করে ঘোট পাকাচ্ছেন! তাঁরা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন? অভিযোগ সত্য হলে দ্বন্দ্বে লিপ্ত শিক্ষকদের পদত্যাগ করা উচিত।