সরকারি উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে আইন ও নিয়মভঙ্গের ঘটনা যেন রেওয়াজে পরিণত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সরকারি নানা প্রতিষ্ঠান থেকে অনুমতি বা ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেসব মানা হচ্ছে না প্রায়ই। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন তুলতে গিয়ে এমন চিত্র দেখা গেল। সেখানে আইন লঙ্ঘন করে একটি সরকারি পুকুর ভরাট করে ফেলা হয়েছে। এমনকি দরপত্র ছাড়াই কেটে ফেলা হয়েছে বড় বড় গাছ। অথচ ভবন তোলার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে আরও জায়গা ছিল। এরপরও পুকুরটিকে বালু দিয়ে ভরাট করে ফেলা হয়েছে এবং এর জন্য কেউ দায় স্বীকারও করছে না।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সম্প্রতি ৩১ শয্যার হাসপাতালটিকে ২৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ১০০ শয্যায় সম্প্রসারণে কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ভবন সম্প্রসারণের নামে হাসপাতালের ভেতরে থাকা একটি পুকুর ভরাট করে ফেলেছে তারা। স্বাস্থ্য কমপ্লেক্সটি ১২ বিঘা জমির ওপর। আর পুকুরটি ছিল দুই বিঘার ওপর। পুকুরটিতে প্রতিবছর মাছের পোনা অবমুক্ত করা হতো। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে জলাশয় ভরাট নিষিদ্ধ হলেও এর তোয়াক্কাই করা হয়নি। নেওয়া হয়নি জেলা প্রশাসন বা পৌরসভার কোনো অনুমতিও। বেশি ড্রেজার পাইপ বসিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে বালু এনে কয়েক দিনের মধ্যে পুকুরটি ভরাট করা হয়। কোনো ধরনের দরপত্র ছাড়াই কেটে ফেলা হয়েছে সরকারি গাছ।
স্থানীয় সুধীমহল মনে করে, পুকুর ভরাট না করে কর্তৃপক্ষ চাইলে ভবনটি অন্যত্র নির্মাণ করতে পারত। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ঠিকাদার আর স্বাস্থ্য প্রকৌশল বিভাগই বিষয়টি বলতে পারবে। জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বললেন, ‘ভবনের কিছু অংশ পুকুরের ভেতরে পড়েছে শুনেছি। তবে পুকুরটি পুরোপুরি ভরাটের বিষয়ে আমি সেভাবে জানিও না।’
প্রথম আলোর প্রতিবেদক জানালেন, প্রশাসন চাইলে পুকুরটি আবার খনন করে সেটি পুনরুদ্ধার করতে পারে। তবে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক মহল উপজেলার সব ধরনের উন্নয়নকর্মের ঠিকাদারির সঙ্গে যুক্ত। প্রকল্প বাস্তবায়নে তাদের স্বেচ্ছাচারী মনোভাব নতুন নয়। এমনকি প্রশাসনের কর্মকর্তা পর্যন্ত তাদের কাছে জিম্মি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান করছি, শিবচরে উন্নয়ন প্রকল্পগুলো কঠোরভাবে তদারক করুন। শুধু জরিমানা দিয়ে দায়মুক্তি নয়, অনিয়মকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। জনগণের টাকায় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এমন স্বেচ্ছাচারিতা কোনোভাবেই কাম্য নয়।