শিবিরের বর্বরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের এক সদস্যের ওপর জামায়াত-শিবির যেভাবে হামলা চালাল, তা বর্বরতা ও নৃশংসতার এক চূড়ান্ত রূপকে তুলে ধরল। পুলিশের উপপরিদর্শক পঞ্চাশোর্ধ্ব জাহাঙ্গীর আলমকে একা পেয়ে তারা ইট ও হেলমেট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে, কেড়ে নিয়েছে তাঁর অস্ত্র। একটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এ ধরনের আক্রমণ গোটা রাষ্ট্রব্যবস্থার ওপরই হামলার শামিল। রাজনৈতিক কর্মসূচির সময় কখনো কখনো সংঘাত-সহিংসতা ঘটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনেক সময় রাজনৈতিক কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কিন্তু মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবির যা করছে, তা সে ধরনের কিছু নয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তারা যেন যুদ্ধ ঘোষণা করেছে। সোমবার রাজশাহীতে এবং মঙ্গলবার দিনাজপুরে জামায়াত-শিবির যা করেছে, পুলিশ সদস্যের ওপর যে বর্বর হামলা হয়েছে, এগুলোকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। পুরোপুরি সন্ত্রাসী কর্মকাণ্ড।কয়েক মাস ধরে পুলিশের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, কিন্তু এগুলো কেন সামাল দেওয়া যাচ্ছে না, তা-ও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ক্ষেত্রে কি কোনো ঘাটতি বা দুর্বলতা রয়েছে? থাকলে সেগুলো কেন এত দিনে দূর করা গেল না? এই দায়টি আসলে পুলিশ প্রশাসন তথা সরকারকে নিতে হবে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাই বা কী ভূমিকা পালন করছে? তারা কেন আগাম কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারছে না? এ ধরনের পরিস্থিতিতে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল চাঙা রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহীতে দুই দিন ধরে, বিশেষ করে সোমবার উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনার পর ঢাকায় বসে ব্রিফ করে রাজশাহীসহ সারা দেশ থেকে মৌলবাদীদের উত্খাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়ার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের উচিত ছিল রাজশাহীতে যাওয়া। তাতে সেখানকার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যাঁরা কাজ করে যাচ্ছেন, তাঁদের মনোবল চাঙা হতো; মানুষও আশ্বস্ত হতে পারত। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে পরিকল্পিত, সমন্বিত ও গতিশীল তত্পরতা না থাকা দুঃখজনক।সোমবার রাজশাহীতে পুলিশের ওপর জামায়াত-শিবির যে নারকীয় হামলা চালিয়েছে, তা ঘটেছে প্রকাশ্যে। বিভিন্ন টিভি চ্যানেলে এই হামলার দৃশ্য প্রচারিত হয়েছে, পত্রপত্রিকায় ছবি ছাপা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করা কোনো কঠিন কাজ নয়। আমরা অবিলম্বে সব হামলাকারীকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দেখতে চাই। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকার আরও কঠোর ভূমিকা পালন করবে, পুলিশ আরও কৌশলী হবে, সেটাই প্রত্যাশিত। আমরা জাহাঙ্গীর আলমের দ্রুত সুস্থতা কামনা করছি।