রাজশাহীতে আটজনের রগ কাটার একটি খবর গতকাল প্রথম আলোয় ছাপা হয়েছে। ছাত্রলীগের বরাতে এতে অভিযোগ করা হয়েছে, ইসলামী ছাত্রশিবিরের দুর্বৃত্তরা এই হীন অপরাধের সঙ্গে জড়িত। তবে সবচেয়ে উদ্বেগজনক এবং যা শিবিরকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানোর চেয়েও ভয়াবহ, তা হলো দুর্বৃত্তদের কবল থেকে খোদ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের রেহাই না পাওয়া এবং তাঁদেরও বিচারহীনতায় ভোগা। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ২২ আগস্ট পর্যন্ত সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের আরও চার নেতার ‘রগ কাটা’ গেছে। কিন্তু আমরা এটা জেনে বিস্মিত যে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রায় সব ক্ষেত্রেই নাজুক। কয়েকটির ক্ষেত্রে পুলিশের তদন্ত কার্যক্রম দায়সারা বলেই প্রতীয়মান হয়। এমনকি নিজেদের দল ক্ষমতায় থাকতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটিকে একটি বিশেষ দলীয় ইস্যু হিসেবেও পরিণত করা সম্ভব হয়েছে বলে মনে হয় না। সাধারণত বলা হয়ে থাকে, সন্ত্রাসী যে দলেরই হোক, তারা পার পাবে না। আইনের হাত থেকে তার নিস্তার নেই। অনেক সময় দলীয় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে কর্তাব্যক্তিরা এই মুখরক্ষামূলক আপ্তবাক্য উচ্চারণ করে থাকেন। আওয়ামী লীগের অনেক নেতা-নেত্রী জামায়াত-শিবিরের রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে তথাকথিত ‘কঠোর’ ব্যবস্থা গ্রহণে অব্যাহতভাবে হুংকার দিয়ে থাকেন। কিন্তু তা যে অনেকটাই শূন্যগর্ভ আস্ফাালন, তার অসহায় নীরব সাক্ষী কথিত মতে শিবিরের ‘রগ কাটা’ নির্মমতার শিকার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত আহত নেতা-কর্মীদের ভুক্তভোগী পরিবারের কাছে কৈফিয়ত দেওয়া। তাদের বলা উচিত, এর বিচার তারা কোথায়, কবে ও কীভাবে পাবে। তারা কাদের কাছে এর বিচার চাইবে। বাবার পেনশনের টাকায় চিকিৎসা চালানো কিংবা দল থেকে কৃত্রিম পা দেওয়ার মিথ্যে আশ্বাসের মতো ঘটনা ক্ষমতাসীনদের দায়িত্বহীন ও দেউলে রাজনীতিই নির্দেশ করে।